২৫ জুলাই ২০২৬, ০১:১২

কন্টেন্ট নির্মাতাদের বড় দুঃসংবাদ দিল ইউটিউব

ইউটিউব  © সংগৃহীত

ইউটিউবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিওর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে নিম্নমানের ও অপ্রামাণ্য (ইন-অথেনটিক) কনটেন্ট রোধে নতুন পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি। ইউটিউব জানিয়েছে, নির্দিষ্ট তিন ধরনের এআই-নির্ভর ভিডিও আর ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ (ওয়াইপিপি)-এর মাধ্যমে আয় করার সুযোগ পাবে না।

ইউটিউবের হালনাগাদ নীতিমালা অনুযায়ী, একই ধরনের বা বারবার পুনরাবৃত্তি করা ভিডিও, দর্শকদের আবেগকে বিভ্রান্ত বা অস্বস্তিতে ফেলার উদ্দেশ্যে তৈরি কনটেন্ট এবং স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি বা আইনি পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে মানবসদৃশ এআই চরিত্র ব্যবহার করে তৈরি ভিডিওকে ‘ইন-অথেনটিক কনটেন্ট’ হিসেবে বিবেচনা করা হবে। এই ধরনের কোনো ভিডিও থেকে আর মনিটাইজেশন বা অর্থায়নের সুবিধা মিলবে না।

এআই কনটেন্ট নিয়ে ইউটিউবের অবস্থান নতুন না হলেও এবার নীতিমালার আওতা আরও স্পষ্ট করা হয়েছে। মূলত গণহারে তৈরি নিম্নমানের ভিডিওর বিস্তার ঠেকিয়ে মৌলিক, সৃজনশীল ও তথ্যভিত্তিক কনটেন্টকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউটিউবের মতে, প্ল্যাটফর্মটি যাতে নিম্নমানের এআই ভিডিওতে ভরে না যায় এবং এর ফলে দর্শকের দেখার অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের আস্থা যেন না কমে, সে জন্যই মানসম্মত কনটেন্টকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।