ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন নতুন ফিচার, যেসব সুবিধা পাবেন ব্যবহারকারীরা
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটি ইউটিউব। প্রতিদিন কোটি কোটি মানুষ শিক্ষা, বিনোদন, সংবাদ ও বিভিন্ন তথ্য জানতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করতে নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত করে থাকে গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
সে ধারাবাহিকতায় ইউটিউব এবার ভিডিও প্লেব্যাক, শর্টস এবং ইন্টারফেসে একাধিক নতুন ফিচার ও পরিবর্তন আনছে। ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য এসব সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ক্লিয়ার স্ক্রিন মোড
নতুন আপডেটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ক্লিয়ার স্ক্রিন মোড। এই মোড চালু করলে ভিডিও চলার সময় স্ক্রিনে থাকা বিভিন্ন বাটন, আইকন, ভিডিওর শিরোনামসহ অন্যান্য নিয়ন্ত্রণ সাময়িকভাবে আড়াল হয়ে যাবে। ফলে পুরো পর্দাজুড়ে কোনো ধরনের ভিজ্যুয়াল বাধা ছাড়াই ভিডিও দেখা সম্ভব হবে। প্রয়োজন হলে স্ক্রিনে টাচ করলেই নিয়ন্ত্রণগুলো আবার দেখা যাবে।
শর্টসে মিলবে ২ গুণ গতির প্লেব্যাক
ইউটিউব শর্টস ব্যবহারকারীদের জন্য যুক্ত হচ্ছে টুএক্স (২ গুণ) প্লেব্যাক স্পিড সুবিধা। এর মাধ্যমে শর্টস ভিডিও আগের তুলনায় দ্বিগুণ গতিতে দেখা যাবে। যারা অল্প সময়ে বেশি ভিডিও দেখতে চান বা দ্রুত কনটেন্ট স্ক্রল করেন, তাদের জন্য এই ফিচার বেশ কার্যকর হবে।
ভিডিও নিয়ন্ত্রণ আরও সহজ
ভিডিও প্লেব্যাক কন্ট্রোলেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। নতুন আপডেটের ফলে ভিডিও পজ করার পর সহজেই মিউট করা যাবে। পাশাপাশি ভিডিও চালানো, থামানো কিংবা অন্যান্য নিয়ন্ত্রণ আরও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। এতে মোবাইল ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত হবে।
আরও পড়ুন: কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছেড়ে দিতে হবে: শিক্ষামন্ত্রী
বদলাচ্ছে ইন্টারফেসও
ইউটিউব ইন্টারফেসেও আসছে কয়েকটি দৃশ্যমান পরিবর্তন। কিছু ব্যবহারকারীর জন্য প্রচলিত থাম্বস-আপ (লাইক) আইকনের পরিবর্তে ইনস্টাগ্রামের মতো হার্ট-আকৃতির আইকন পরীক্ষামূলকভাবে দেখা যাচ্ছে। একই সঙ্গে শর্টসে ডিসলাইক বাটনের পরিবর্তে নট ইন্টারেস্টেড অপশন যুক্ত করা হচ্ছে, যাতে ব্যবহারকারীরা সহজেই অনাকাঙ্ক্ষিত ভিডিও এড়িয়ে যেতে পারেন।
এছাড়া ডোন্ট রিকমেন্ড দিস চ্যানেল অপশন আরও সহজলভ্য করা হয়েছে। এর ফলে নির্দিষ্ট কোনো চ্যানেলের ভিডিও আর দেখতে না চাইলে সেটিও নিয়ন্ত্রণ করা যাবে।
বাড়ছে শর্টসের জনপ্রিয়তা
ইউটিউবের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে প্রতিদিন ২০ কোটিরও বেশি মানুষ ইউটিউব শর্টস ব্যবহার করছেন। অল্প সময়ের ভিডিওর জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকায় শর্টসকে আরও আকর্ষণীয়, দ্রুত ও ব্যবহারবান্ধব করতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে প্রতিষ্ঠানটি।
ইউটিউব জানিয়েছে, নতুন এসব ফিচার একযোগে সবার জন্য চালু হবে না। ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের কাছে আপডেট পৌঁছে দেওয়া হবে। তাই কারও ডিভাইসে নতুন সুবিধাগুলো পেতে কিছুটা সময় লাগতে পারে।