মোবাইল নাম্বার ছাড়া যোগাযোগ করা যাবে হোয়াটসঅ্যাপে
বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি মানুষের ব্যবহৃত জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এক যুগান্তকারী প্রাইভেসি বা গোপনীয়তা ফিচার নিয়ে আসছে। এখন থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য আর নিজের ব্যক্তিগত ফোন নম্বর শেয়ার করতে হবে না; ফোন নম্বরের পরিবর্তে ব্যবহারকারীরা নির্দিষ্ট ‘ইউজারনেম’ ব্যবহার করতে পারবেন।
মেটা-মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি সোমবার (২৯ জুন) জানিয়েছে, এই বছরের শেষের দিকে বিশ্বব্যাপী ফিচারটি সবার জন্য উন্মুক্ত করার আগে প্রাথমিকভাবে ব্যবহারকারীদের জন্য তাদের পছন্দের ও অনন্য ইউজারনেম অগ্রিম রিজার্ভ বা বুকিং করার সুযোগ দেওয়া শুরু হয়েছে। পরবর্তীতে এই ফিচার পুরোপুরি চালু হলে ব্যবহারকারীরা চাইলে তাদের ফোন নম্বর লুকিয়ে রেখে কেবল এই ইউজারনেম বা হ্যান্ডেলের মাধ্যমেই একে অপরের সাথে যুক্ত হতে পারবেন।
হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালিস নিউটন-রেক্স সাংবাদিকদের বলেন, “আমরা এটিকে সম্পূর্ণ একটি কোর প্রাইভেসি ফিচার হিসেবে ডিজাইন করেছি। প্রথমবার কারও সাথে যোগাযোগ করতে হলে আপনাকে অবশ্যই তার সঠিক ও নিখুঁত ইউজারনেমটি জানতে হবে।”
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, এই ইউজারনেমগুলোর কোনো পাবলিক ডিরেক্টরি বা উন্মুক্ত তালিকা থাকবে না। এমনকি সার্চ করার সময় কোনো অটো-কমপ্লিট সাজেস্ট বা অনুমিত নামও প্রদর্শন করা হবে না। অর্থাৎ, হুবহু সঠিক ইউজারনেম না লিখলে কাউকে খুঁজে পাওয়া যাবে না, যা ব্যবহারকারীদের অনাকাঙ্ক্ষিত মেসেজ বা স্প্যামিং থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে। এতদিন পর্যন্ত যার কাছেই ফোন নম্বর থাকত, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারত, যা এখন বন্ধ হতে যাচ্ছে।
অনলাইনে আকর্ষণীয় ও ছোট ইউজারনেম বা হ্যান্ডেল পাওয়ার জন্য ব্যবহারকারীদের মধ্যে সব সময়ই এক ধরনের প্রতিযোগিতা থাকে। বিষয়টি মাথায় রেখেই মূল রোলআউটের বেশ আগেই নাম রিজার্ভ করার উইন্ডো খুলে দিয়েছে হোয়াটসঅ্যাপ।
মেটার অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম যেমন—ইনস্টাগ্রাম ও ফেসবুকে যেসব ব্যবসা প্রতিষ্ঠান, সংস্থা এবং কন্টেন্ট ক্রিয়েটরদের ভেরিফাইড বা বিদ্যমান অ্যাকাউন্ট রয়েছে, তারা হোয়াটসঅ্যাপেও তাদের সেই একই ইউজারনেমটি আগে দাবি বা ক্লেইম করার সুযোগ পাবেন।
হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম অনুযায়ী, একটি ইউজারনেম সর্বনিম্ন ৩ থেকে সর্বোচ্চ ৩৫ অক্ষরের হতে পারবে। কোনো সেলিব্রেটি, পাবলিক ফিগার বা সরকারি প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে যাতে কেউ ভুয়া অ্যাকাউন্ট বা ইউজারনেম তৈরি করতে না পারে, সেজন্য উচ্চ-প্রোফাইল সম্পন্ন ব্যক্তিদের নামগুলো আগে থেকেই রিজার্ভ বা ব্লক করে রাখছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
বর্তমানে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে কেবল নির্দিষ্ট নম্বর ব্লক করা কিংবা অজানা নম্বর থেকে আসা কল সাইলেন্ট করে রাখার সুযোগ রয়েছে। তবে আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বব্যাপী এই নতুন ইউজারনেম ফিচারটি চালু হলে, তা হোয়াটসঅ্যাপের ইতিহাসে সবচেয়ে বড় এবং দীর্ঘ প্রতীক্ষিত প্রাইভেসি আপডেট হতে যাচ্ছে।