২৮ জুন ২০২৬, ০১:২৫

এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা

এআই ও সিভি   © এআই সম্পাদিত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে সিভি (জীবনবৃত্তান্ত) তৈরি করলে তা স্বয়ংক্রিয় স্ক্রিনিংয়ে বাদ পড়ে যেতে পারে—চাকরিপ্রার্থীদের মাঝে এমন একটি ধারণা প্রচলিত রয়েছে। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে সম্পূর্ণ উল্টো কথা। ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষকদের যৌথ গবেষণায় দেখা গেছে, এআই দিয়ে লেখা সিভি স্ক্রিনিংয়ের সময় বেশি প্রাধান্য পাচ্ছে।

গবেষকেরা ২৪টি ভিন্ন পেশার মোট ২,২৪৫টি সিভি নিয়ে এই পরীক্ষা চালান। ফলাফলে দেখা যায়, নিয়োগকারী প্রতিষ্ঠান যখন সিভি বাছাইয়ের জন্য কোনো নির্দিষ্ট এআই মডেল ব্যবহার করে, তখন সেই মডেলটি নিজের তৈরি বা সমগোত্রীয় এআই দিয়ে লেখা সিভিগুলোকেই বেশি পছন্দ করে।

উদাহরণস্বরূপ, স্ক্রিনিংয়ের কাজে যদি ওপেনএআই-এর জিপিটি মডেল ব্যবহার করা হয়, তবে সমান যোগ্যতাসম্পন্ন দুজন প্রার্থীর মধ্যে এআই দিয়ে লেখা সিভিটিই অগ্রাধিকার পাবে। গবেষণার তথ্য অনুযায়ী, সাধারণ সিভির তুলনায় এআই-লিখিত সিভির টিকে যাওয়ার সম্ভাবনা ২৩ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
গবেষণায় আরও দেখা গেছে, মানুষের নিজের হাতে লেখা সিভির প্রতি এআই স্ক্রিনারের এক ধরণের নেতিবাচক মনোভাব বা বায়াস কাজ করে, যার হার প্রায় ৬৭ থেকে ৮২ শতাংশ। গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার এই অদ্ভুত প্রবণতার নাম দিয়েছেন ‘সেলফ-প্রেফারেন্স বায়াস’ বা নিজস্বতার প্রতি পক্ষপাতিত্ব।