ফেসবুকে পেইজে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার লাইভ খেলা দেখিয়ে জুয়ার বিজ্ঞাপন প্রচার
লাইভ চলাকালীন ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে জুয়ার প্রচারণা চালাতে দেখা গেছে ‘দ্য পোস্ট এশিয়ান’ নামের একটি ফেসবুক পেজকে। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কার্যক্রম চোখে পড়ে।
এর আগে আজ মঙ্গলবার ম্যাচের শুরুতে টস জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। টস পরিচালনা করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল।
খেলা চলাকালীন সময়েই ওই ফেসবুক পেজে জুয়ার প্রচারণা সংক্রান্ত পোস্ট ও লাইভ কনটেন্ট প্রচার করতে দেখা গেছে । এতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ক্রিকেটের মতো জনপ্রিয় খেলা চলার সময় এ ধরনের অনলাইন জুয়ার প্রচারণা উদ্বেগজনক বলে মনে করছেন অনেকেই। তাদের মতে, এতে তরুণ দর্শকদের একটি অংশ বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে এবং সামাজিকভাবে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এদিকে যেকোনো বড় আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্ট এলেই জুয়াড়িরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক প্রচারণা চালায়। এই ঝুঁকি মোকাবিলায় এবার ডিজিটাল মাধ্যমগুলোতে সার্বক্ষণিক ও নিবিড় নজরদারি চালানোর ঘোষণা দিয়েছে এমসিএমসি।
সোমবার (৮ জুন) সংস্থাটি জানিয়েছে, অনলাইনে অবৈধ জুয়া এবং বেটিং কার্যক্রম প্রতিরোধে রয়্যাল মালয়েশিয়া পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছে তারা। মূলত পুলিশ এই সংক্রান্ত আইন প্রয়োগে মূল ভূমিকা পালন করলেও, এমসিএমসি প্রযুক্তিগত ও নিয়ন্ত্রণমূলক সব ধরনের সহায়তা প্রদান করবে।