ইন্টারনেটের গতি কম থাকবে তিনদিন
কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) কেবলের রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী তিনদিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। এ তিনদিনের প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টায় পর্যন্ত আট ঘণ্টা ইন্টারনেট গতি কম থাকবে।
বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে দেশে ইন্টারনেটের ধীরগতি বা সেবা আংশিক বিঘ্ন ঘটতে পারে।
এতে আরো বলা হয়েছে, উল্লেখিত সময়কালে কার্যক্রমটি ট্রাফিক অ্যাফেক্টিং হওয়ায় এসএমডব্লিউ-৫ সাবমেরিন ক্যাবল দিয়ে সিঙ্গাপুরগামী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে ইন্টারনেট গ্রাহকদের ইন্টারনেটের গতি কম বা আংশিক সেবা বিঘ্নিত হতে পারে।
তবে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকার সময় বিএসসিপিএলসির অপর সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেবা প্রদান আগের মতো অব্যাহত থাকবে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন সময় সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়।
তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৪) কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি সচল থাকবে।