২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৫

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে শিডিউল মেসেজিং সিস্টেম

হোয়াটসঅ্যাপ  © সংগৃহীত

ভুলে যাওয়ার চিরচেনা সমস্যা থেকে ব্যবহারকারীদের মুক্তি দিতে দীর্ঘ ১৭ বছরের পথচলায় প্রথমবারের মতো ‘মেসেজ শিডিউল’ ফিচার চালু করতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। 

নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা আগেভাগেই কোনো বার্তা লিখে নির্দিষ্ট দিন ও সময় সেট করে রাখতে পারবেন, যা নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে। ব্যক্তিগত শুভেচ্ছা জানানো থেকে শুরু করে অফিসের জরুরি নির্দেশনা পাঠানোর ক্ষেত্রে এই ফিচারটি বিশেষ সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

আধুনিক জীবনের ব্যস্ততায় বন্ধু-স্বজনের জন্মদিন, বিবাহবার্ষিকী বা সহকর্মীদের জরুরি কাজের কথা মনে রাখা অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। এতদিন এই সমস্যা সমাধানে অনেকে ফোনে অ্যালার্ম বা ক্যালেন্ডারে নোট লিখে রাখতেন। তবে হোয়াটসঅ্যাপের এই নতুন অপশনটি চালু হলে নির্দিষ্ট সময়ে ব্যবহারকারী অনলাইনে না থাকলেও তার সেট করে রাখা বার্তাটি সঠিক সময়ে বন্ধুর চ্যাটবক্সে চলে যাবে।

কারিগরিভাবে এই ফিচারটি ব্যবহার করাও হবে বেশ সহজ। অ্যাপের ভেতরে চ্যাট ‘ইনফো’ নামে একটি নতুন অপশন যুক্ত থাকবে, যেখানে গিয়ে কোন কোন মেসেজ শিডিউল করে রাখা হয়েছে তা দেখে নেওয়া যাবে। এমনকি মেসেজটি পাঠানোর আগে যেকোনো সময়ে ব্যবহারকারী চাইলে তার লেখা পরিবর্তন করতে পারবেন কিংবা প্রয়োজনে মুছেও দিতে পারবেন।

বর্তমানে হোয়াটসঅ্যাপের আইওএস বেটা ভি২৬.৭১০.৭২ সংস্করণে এই নতুন ফিচারটি নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। আইওএস ব্যবহারকারীদের জন্য সফলভাবে পরীক্ষা শেষ হলে অ্যান্ড্রয়েড সংস্করণেও খুব তাড়াতাড়ি এই ফিচারটি চলে আসবে বলে জানা গেছে। নির্দিষ্ট সময়ে বার্তা পৌঁছে দেওয়ার এই প্রযুক্তিগত উৎকর্ষ ব্যবহারকারীদের দৈনন্দিন যোগাযোগকে আরও নির্ভুল ও সহজতর করবে।