সফটওয়্যার জটিলতায় আটকা কারিগরি শিক্ষকদের বেতন, যে উদ্যোগ নিচ্ছে অধিদপ্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তরের (ডিটিই) অধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে সফটওয়্যার জটিলতা কাটছে না। এর ফলে নির্ধারিত সময়ে বেতন না পেয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষকরা। এ পরিস্থিতিতে বেতন পরিশোধের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন সফটওয়্যার প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাই করছে ডিটিই। প্রতিষ্ঠানটির মাধ্যমে চলমান জটিলতা নিরসন সম্ভব হলে তাদের সঙ্গেই চুক্তি করার পরিকল্পনা রয়েছে অধিদপ্তরের।
রবিবার (২৯ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রকল্প বাস্তবায়ন ইউনিট-পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান।
তিনি বলেন, নতুন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে প্রতিষ্ঠানটিকে দিয়ে সফটওয়্যার পরীক্ষা করানো হচ্ছে। গত তিন-চার দিন ধরে তারা কাজ করছে।
তিনি আরও বলেন, চলমান সফটওয়্যারের সমস্যাগুলো প্রতিষ্ঠানটি বেতনসহ অন্যান্য সমাধান করতে পারে কি না, তা যাচাই করা হচ্ছে। প্রতিষ্ঠানটি সক্ষমতা প্রমাণ করতে পারলে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বেতন পরিশোধের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, বেতনের সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। কিন্তু সফটওয়্যারের সমস্যার কারণে এখনো আইবাসে পাঠানো সম্ভব হয়নি। আজও এ নিয়ে কিছুটা সমস্যা হয়েছে। চেষ্টা চলছে যেন দ্রুত আইবাসে পাঠানো যায়।
কবে নাগাদ শিক্ষক-কর্মচারীরা বেতন পেতে পারেন এমন প্রশ্নে মাকসুদুর রহমান বলেন, আমরা চেষ্টা করবো মাসের শুরুতেই যেন বেতন পেয়ে যায়, সে ধরনের টার্গেট নিয়ে কাজ করছি।
এর আগে কারিগরি অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, পুরোনো সফটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন সফটওয়্যার প্রতিষ্ঠান নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা এবং তাদের সেবা যাচাইয়ের কাজ চলছিল। নতুন সফটওয়্যারের মাধ্যমে ইএফটিতে বেতন পরিশোধের প্রক্রিয়া সহজ ও দ্রুত করার পরিকল্পনা রয়েছে অধিদপ্তরের।
অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, সফটওয়্যারের বিভিন্ন ধাপ ও অনুমোদনপ্রক্রিয়া অতিক্রম করতে গিয়ে বেতন পরিশোধে বিলম্ব হচ্ছে। প্রয়োজনীয় অনুমোদনের পর অর্থ বাংলাদেশ ব্যাংকের ইএফটি শাখাসহ বিভিন্ন পর্যায় অতিক্রম করে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পৌঁছায়। এতে প্রায় ১০ থেকে ১২ দিন পর্যন্ত সময় লেগে যায়।
অধিদপ্তরের লক্ষ্য ছিল প্রতি মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধের ব্যবস্থা করা। তবে নতুন সফটওয়্যার চালু এবং চলমান জটিলতা নিরসন না হওয়ায় এখনো সেই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হয়নি।