কারিগরিতে এক বছরে এক হাজার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমেছে আড়াই লাখ
দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও কমছে শিক্ষার্থী ভর্তি। এক বছরের ব্যবধানে এ খাতে প্রতিষ্ঠান বেড়েছে ১ হাজার ২১১টি। বিপরীতে শিক্ষার্থী কমেছে ২ লাখ ৬১ হাজার ৪৫৫ জন। অর্থাৎ প্রতিষ্ঠান বাড়লেও সেই অনুপাতে শিক্ষার্থী বাড়ছে না। বরং মোট ভর্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৫ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৯ হাজার ৩১০টি। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫২১টিতে। অন্যদিকে, ২০২৪ সালে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ছিল ১৬ লাখ ১৯ হাজার ৩৪৯ জন। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৭ হাজার ৮৯৪ জনে।
সরকার ২০৩০ সালের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীর হার ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমে যাওয়ার এই চিত্র ওই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে।
দুই বছরেই শিক্ষার্থী কমেছে সাড়ে চার লাখ
গত দুই দশকের বেশি সময়ে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরমধ্যে গত দুই বছরেই শিক্ষার্থী কমেছে সাড়ে চার লাখ।
২০০১ সালে এ ধরনের প্রতিষ্ঠান ছিল ১ হাজার ৪১৬টি। ২০০৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩১৭টিতে। ২০১৫ সালে প্রতিষ্ঠান ছিল ৫ হাজার ৭৯০টি, ২০১৮ সালে ৬ হাজার ৮৮৫টি এবং ২০২০ সালে ৭ হাজার ২৫৯টি। এরপর ২০২১ সালে প্রতিষ্ঠান ছিল ৭ হাজার ৭৬১টি, ২০২২ সালে ৭ হাজার ৮১৯টি। ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ১০ হাজার ৫৯৫টিতে। ২০২৪ সালে সংখ্যাটি কমে ৯ হাজার ৩১০টি হলেও ২০২৫ সালে আবার বেড়ে হয়েছে ১০ হাজার ৫২১টি।
শিক্ষার্থীর সংখ্যায়ও ২০০১ সালের তুলনায় দীর্ঘ সময় ধরে প্রবৃদ্ধি দেখা গেছে। ওই বছর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষার্থী ছিল ১ লাখ ৩১ হাজার ৪৮১ জন। ২০০৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৮৮ হাজার ৬৮৬ জনে। ২০১৫ সালে শিক্ষার্থী ছিল ৮ লাখ ৭২ হাজার ৬৫৮ জন, ২০১৮ সালে ১০ লাখ ৬৭ হাজার ৪৮৪ জন এবং ২০২০ সালে ১১ লাখ ১৮ হাজার ৩৩৪ জন।২০২১ সালে শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৬৪ হাজার ৮৮০ জন, ২০২২ সালে ১২ লাখ ২৯ হাজার ২০৩ জন।
২০২৩ সালে তা বেড়ে ১৮ লাখ ১৮ হাজার ৫২২ জনে পৌঁছায়। তবে পরের দুই বছরেই শিক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৪ সালে শিক্ষার্থী ছিল ১৬ লাখ ১৯ হাজার ৩৪৯ জন, যা ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৭ হাজার ৮৯৪ জনে। ফলে ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে শিক্ষার্থী কমেছে ৪ লাখ ৬০ হাজার ৬২৮ জন।