আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চেয়ে ৭ দিন সময় দিল বোর্ড
দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় এইচএসসি (বিএমটি) পর্যায়ের ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি কেন বাতিল হবে না মর্মে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে সময় দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবরের) কারিগরি শিক্ষা বোর্ডের এক তাগিদপত্রে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত ২০ সেপ্টেম্বর পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না, সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। ওই ব্যাখ্যা দেওয়ার শেষ সময় ছিল ১ অক্টোবর। নির্ধারিত সময়ে জবাব না পাওয়ায় এবার পুনরায় নোটিশ দেওয়া হয়েছে।
তাগিদপত্রে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রম পরিচালনাকারী ২৬ টি প্রতিষ্ঠান বিগত তিন বছর যাবৎ শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদনের শর্তাবলিতে উল্লেখ আছে যে, প্রতিষ্ঠানে পর পর তিন বছর শিক্ষার্থী ভর্তি না করলে পাঠদান অনুমোদন বাতিল করা হবে।
এতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২০ এর বিধি ৫.৪ মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি, পাঠদানের অনুমতি প্রদানকালে আরোপিত এবং অন্যান্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড পাঠদানের অনুমতি বাতিল করতে পারবে।
এতে আরও বলা হয়, বিগত তিন বছর যাবৎ শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় সংযুক্ত তালিকায় উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ হতে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল/প্রত্যাহার করা হবে না এ বিষয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
তালিকা দেখুন এখানে
এর আগে, সোমবার (৫ অক্টোবর) ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি কেন বাতিল হবে না, আগামী ১৫ অক্টোবরের মধ্যে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে।