টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা সরকারের
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের (টিভিআই) ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ফ্যাক্টরিতে ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা করছে সরকার। শিক্ষার্থী সংকট মোকাবিলা এবং তাদের ভবিষ্যত জীবিকা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএর সাথে বৈঠকও সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এই তথ্য জানান।
এদিন আখতার হোসেন তার প্রশ্নে তার নির্বাচনী এলাকা কাউনিয়া ও পীরগাছায় সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট (টিভিআই) স্থাপন করা হবে কিনা তা জানতে চান। এর জবাবে বস্ত্র ও পাটমন্ত্রীর পক্ষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেন, তৈরি পোশাক শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর সদরে একটি টেক্সটাইল ইনস্টিটিউট এবং একটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট (টিভিআই) রয়েছে।
তিনি বলেন, বিদ্যমান প্রতিষ্ঠানসমূহে—বিশেষ করে টিভিআইতে নির্ধারিত আসন সংখ্যার তুলনায় বর্তমানে শিক্ষার্থী ভর্তির হার কাঙ্ক্ষিত পর্যায়ে না থাকায় নতুন প্রতিষ্ঠান স্থাপনের পরিবর্তে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আসন সক্ষমতার সর্বোত্তম ব্যবহার, শিক্ষার্থীদের ভর্তি এবং প্রশিক্ষণের আগ্রহ বৃদ্ধি এবং শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নের উপর সরকার অধিক গুরুত্ব দিচ্ছে। এ অবস্থায় রংপুর-৪ নির্বাচনী এলাকায় কাউনিয়া বা পীরগাছা উপজেলায় নতুন সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কোনো প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনাধীন নাই।
পরে একটি সম্পূরক প্রশ্ন করেন আখতার হোসেন। তিনি বলেন, টিভিআইগুলোতে শিক্ষার্থী সংকটের কথা বলা হয়, তার পেছনে শিক্ষার্থীদের অনাগ্রহ যতটা না দায়ী, তার থেকে বেশি দায়ী এই প্রতিষ্ঠানগুলোতে দক্ষ জনবল গড়ে তোলার জন্য যে পরিমাণ যন্ত্রপাতি প্রয়োজন, মেশিন প্রয়োজন, ল্যাব প্রয়োজন, শিক্ষক প্রয়োজন এবং শিল্পের সাথে যে সংযোগটা প্রয়োজন—সেটার অভাব রয়েছে।
আখতার হোসেন আরও বলেন, আমাদের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো আছে, এখানকার মানুষেরা অনেকেই এই টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের সঙ্গে যুক্ত থাকেন। আমার যে নির্বাচনী আসন কাউনিয়া-পীরগাছা, সেখানে অনেক বেকার যুবকেরা আছে; তারা যদি একটা মানসম্মত প্রতিষ্ঠান পায়, সেখানে তারা অবশ্যই ট্রেনিং গ্রহণ করবে এবং সেটা এলাকার বেকার সমস্যা সমাধানেও একটা কার্যকর ভূমিকা রাখবে। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার জন্য ল্যাব ফ্যাসিলিটিজ বাড়ানো, সেখানকার কারিকুলামকে উন্নত করা, শিল্পের সাথে সংযোগ সাধন করা—এই উদ্যোগগুলো গ্রহণ করার পাশাপাশি, যদি সত্যি সত্যি জনগণের কাছে এবং বেকার সমাজের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা সরকার গ্রহণ করে, সে সময়টাতে আমার যে নির্বাচনী আসন—যে দূরত্বের একটা ব্যাপার আছে রংপুর সদরের সাথে—সেক্ষেত্রে আমার এলাকাটায় তারা আসলে পরবর্তীতে এটা বিবেচনা করবে কিনা।
জবাবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেন, সারা বাংলাদেশে আমাদের ৪১টা টিভিআই আছে। সরকারে আসার পর আমরা প্রতিটা টিভিআই পর্যবেক্ষণ করলাম, এই প্রতিষ্ঠানগুলোতে অনেক জায়গাতেই আসলে ছাত্র সংখ্যা খুবই স্বল্প। সেক্ষেত্রে আমরা এই জায়গায় দক্ষ ছাত্র সংখ্যা—বিশেষ করে শিক্ষক তৈরি করা এবং ছাত্ররা কেন যাচ্ছে না—এই বিষয়গুলো ফাইন্ড আউট করছি এবং ইতিমধ্যেই আমরা এ ব্যাপারে অনেকগুলো পদক্ষেপও নিয়েছি। এর মধ্যে আছে সেখানে উপযুক্ত টিচার দেওয়া এবং তাদের ট্রেনিং করা।
তিনি বলেন, পাশাপাশি আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, এই যে ছাত্ররা ট্রেনিং করে, তারা যে ডিপ্লোমা কোর্স করে বা সার্টিফিকেট নেয়, তারা আসলে এই সার্টিফিকেট নিয়ে কোথায় যাচ্ছে? তারা কি কোনো ফ্যাক্টরিতে চাকরি পাচ্ছে নাকি তারা ঝরে যাচ্ছে? আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি, যারা আমাদের টিভিআই থেকে ট্রেনিং করে যাবে, পরবর্তীতে তারা ডিপ্লোমা কোর্স করবে—আমরা ইতিমধ্যেই বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএর সাথে আমরা বসেছি তাদের সাথে একটা ইন্টার্নশিপ করার জন্য।
প্রতিমন্ত্রী বলেন, আমরা চাচ্ছি এই যে সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, তারা যাতে ঝরে না পড়ে, তারা যাতে উদ্যোক্তা হতে পারে। সেই কারণে আমরা যদি তাদের সাথে একটা চুক্তি করি—এই পুথিগত বিদ্যার পর যদি প্র্যাকটিক্যালি তারা ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করতে পারে, এমন হতে পারে ইন্টার্নশিপেই তারা চাকরি পাবে, এই ফ্যাক্টরিগুলোতেই চাকরি হবে অথবা অন্য কোনো ফ্যাক্টরিতে চাকরির সুযোগ তাদের তৈরি হবে এবং তাদের জীবন-জীবিকা নির্বাহ করতে পারবে এই ট্রেনিংয়ের মাধ্যমে। সেই কারণে আমরা এই প্রসেসে আগাচ্ছি। অবশ্যই সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, আমরা এই প্রতিষ্ঠানগুলোকে স্ট্রেনদেন করার পর ভবিষ্যতে প্রকল্পগুলো যখন নেব টিভিআইকে নতুন করে বানানোর জন্য, আপনার এলাকার কথা আমরা অবশ্যই বিবেচনায় রাখব।