২৮ আগস্ট ২০২৬, ১৬:০১

ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে হলের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থীরা

ঢাকার-সরকারি-টিচার্স-ট্রেনিং-কলেজে-হলের-ছাদ-ধস-আতঙ্কে-শিক্ষার্থীরা  © টিডিসি

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার ছেলেদের আবাসিক হলের ৩০১ নম্বর কক্ষে গত পরশু (২৬ আগস্ট) রাতের কোনো একসময় ছাদের প্লাস্টারসহ ইট-সুরকির বড় অংশ ধসে পড়ে। বুধবার সকালে ঘুম থেকে উঠে কক্ষের মেঝেতে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ দেখতে পান শিক্ষার্থীরা। এতে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হলের বিভিন্ন স্থানে দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়া, ফাটলসহ নানা ধরনের সমস্যা দেখা দিলেও বিষয়টি নিয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী সংস্কারের পরিবর্তে কোথাও কোথাও সামান্য প্লাস্টার বা রং করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।

শিক্ষার্থীরা বলছেন, শুধু রং বা সামান্য প্লাস্টার দিয়ে পুরোনো ভবনের কাঠামোগত সমস্যা সমাধান সম্ভব নয়। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই পুরো আবাসিক হলের প্রকৌশলগত পরীক্ষা, ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

এক আবাসিক শিক্ষার্থী বলেন, আমরা রাতে এই কক্ষেই ঘুমাই। কখন ছাদের কোন অংশ ভেঙে পড়ে, সেই আতঙ্ক এখন সবসময় কাজ করছে। আগে বিষয়টি জানানো হলেও স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নেওয়া দরকার।

১৯০৯ সালে প্রতিষ্ঠিত ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শতবর্ষ পেরিয়ে যাওয়া দেশের প্রাচীন শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর একটি। এমন একটি প্রতিষ্ঠানের আবাসিক ভবনে ছাদের অংশ ধসে পড়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, সাময়িক মেরামতের পরিবর্তে দ্রুত ভবনের নিরাপত্তা যাচাই করে টেকসই সংস্কারের উদ্যোগ নিতে হবে এবং ঝুঁকিপূর্ণ অংশে শিক্ষার্থীদের অবস্থান বন্ধ করে প্রয়োজনীয় নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।