১৬ জুন ২০২৬, ১৬:০২

হাফ পাস না দেওয়ায় আজমেরী গ্লোরির ৫ বাস অবরুদ্ধ করলো ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা  

হাফ পাস না দেওয়ায় বাস অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে হাফ পাস সুবিধা না দেওয়ার অভিযোগে আজমেরী গ্লোরি পরিবহনের পাঁচটি বাস আটকে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রতিষ্ঠানটির দক্ষিণ গেটের সামনে শিক্ষার্থীরা বাসগুলো আটকে দেয়।

শিক্ষার্থীদের দাবি, গত ১৫ এপ্রিল ঢাকা পলিটেকনিকের এক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে রায়েরবাগ থেকে আজমেরী গ্লোরি পরিবহনের বাসে করে ক্যাম্পাসে আসার চেষ্টা করেন। তার পরীক্ষা ছিল সকাল সাড়ে ৯টায়। কিন্তু শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও বাসের হেল্পার ও চালক তাকে হাফ ভাড়ায় নিতে রাজি হননি। এমনকি বাসে উঠতে গেলেও তাকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, একাধিক বাসে ওঠার চেষ্টা করেও একই ধরনের আচরণের শিকার হন তিনি। এতে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে না পেরে শেষ পর্যন্ত ২০০ টাকা ভাড়া দিয়ে মোটরসাইকেলে ক্যাম্পাসে আসতে হয় তার। ফলে পরীক্ষাও মিস করেন বলে উল্লেখ করেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ঢাকা পলিটেকনিকের অভ্যন্তরীণ গ্রুপে পোস্ট করলে বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে শিক্ষার্থীরা আজমেরী গ্লোরি পরিবহনের পাঁচটি বাস আটক করে।

এ ঘটনায় শিক্ষার্থীরা হাফ পাস কার্যকর এবং শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিচার দাবি করেছেন।