কারিগরি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস কবে জানাল অধিদপ্তর
এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন হলেও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ঈদ বোনাসের রিকুইজিশন দিয়ে মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ে ফাইল পাঠানোর পাঁচ কর্মদিবসের মধ্যে চেক ছাড় হয়ে থাকে, সে হিসেবে আগামী সপ্তাহে কারিগরির শিক্ষক-কর্মচারীরা ঈদ বোনাস পেতে পারেন। এদিকে ঈদের আগেই তাদের বোনাস দিতে কাজ শুরু করছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের বাজেট শাখা সূত্রে জানা গেছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরেরর উপপরিচালক (এমপিও) মো. খোরশেদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কারিগরি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের ফাইল শিক্ষা মন্ত্রণালয়ে আজ পাঠানো হয়েছে। সেখান থেকে চিঠি আসার পর চেক ছাড়সহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২ হাজার ২৮২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে এসএসসি ভোকেশনাল ১ হাজার ৭৬; সংযুক্ত ভোকেশনাল ২৫; এইচএসসি বিএমটি ১ হাজার ১১৯ এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ৬২টি। এসব প্রতিষ্ঠানে ১৬ হাজার ৫৫৭ জন শিক্ষক ও ৫ হাজার ৫৬৪ জন কর্মচারী কর্মরত রয়েছেন।
এ ছাড়াও বেসরকারি নন এমপিওভুক্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরে ৩ হাজার ২৫১টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে এসএসসি ভোকেশনাল ১ হাজার ৯২০; সংযুক্ত ভোকেশনাল ৩৮৩; এইচএসসি বিএমটি ৭৯৪ এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ১০০; ডিপ্লোমা ইন ফিশারিজ ৫৪টি। এসব প্রতিষ্ঠানে কতজন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি।