১৩ মে ২০২৬, ১৮:০৮

ইএফটিতে তথ্য হালনাগাদ না করা ১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন বন্ধের শঙ্কা

শ্রেণিক  © এআই দিয়ে তৈরিকৃত ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ১২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতন-ভাতা পেতে এখনো তথ্য হালনাগাদ করেনি। আগামী ১ জুনের মধ্যে টেমিস সফটওয়্যারে তথ্য হালনাগাদ না হলে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ হয়ে যেতে পারে।

সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-১১ মো: সাইফুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির সঙ্গে টেমিস সফটওয়্যারে তথ্য হালনাগাদ না করা ১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা সংযুক্ত করে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘টেমিস সফটওয়্যারে সংযুক্ত তালিকা অনুযায়ী ১২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এখন পর্যন্ত প্রতিষ্ঠানের তথ্য আপডেট, রেজিষ্ট্রেশন এবং শিক্ষক-কর্মচারীদের তথ্য হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন করেনি । উক্ত রেজিষ্ট্রেশন সম্পন্ন না হওয়ার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের ইএফটি (EFT)-র মাধ্যমে বেতন-ভাতাদি প্রদান করা সম্ভব হচ্ছে না। আগামী জুন/২০২৬ মাস হতে ম্যানুয়াল এমপিও শীট বন্ধ করে দেওয়া হবে। উক্ত জটিলতা এড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে আগামী ১ জুনের মধ্যে প্রতিষ্ঠানের তথ্য আপডেট, রেজিষ্ট্রেশন এবং শিক্ষক-কর্মচারীদের সকল তথ্য হালনাগাদ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।’

তথ্য হালনাগাদ না করা ১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তিতে অধিদপ্তর আরও জানায়, ‘নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে বেতন-ভাতাদি সংক্রান্ত যে কোনো জটিলতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ী থাকবে। এক্ষেত্রে কারিগরি শিক্ষা অধিদপ্তর কোনো দায়ভার গ্রহণ করবে না।’