ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ উপায়
ল্যাপটপে জরুরি কোনো কাজ বা অনলাইন ক্লাস-মিটিং চলাকালে হঠাৎ ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বেশ চেনা এক ভোগান্তি। কখনো নেটওয়ার্কের তালিকা থেকে ওয়াই-ফাই নামটাই গায়েব হয়ে যায়, আবার কখনো নেটওয়ার্ক দেখা গেলেও ইন্টারনেটে ঢুকে না। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে টেকনিশিয়ান বা সার্ভিস সেন্টারে না গিয়ে নিজেই সহজ কিছু ধাপে সমস্যার সমাধান করা সম্ভব।
মাইক্রোসফটের কারিগরি নির্দেশিকা বা সাপোর্ট গাইডের তথ্যমতে, সাধারণ কিছু সেটিংস ও ধাপ অনুসরণের মাধ্যমেই ওয়াই-ফাইয়ের বেশিরভাগ জটিলতা নিরসন করা যায়।
১. ওয়াই-ফাই ও এরোপ্লেন মোড পরীক্ষা
সমস্যা দেখা দিলে শুরুতেই ল্যাপটপের টাস্কবারের নেটওয়ার্ক আইকনে ক্লিক করে নিশ্চিত হতে হবে ওয়াই-ফাই অপশনটি চালু আছে কি না। এর পাশাপাশি খেয়াল রাখতে হবে ভুলবশত ‘এরোপ্লেন মোড’ (Airplane mode) সক্রিয় হয়ে আছে কি না। কারণ এরোপ্লেন মোড অন থাকলে ল্যাপটপের সব ধরনের ওয়্যারলেস সংযোগ বন্ধ হয়ে যায়।
২. নেটওয়ার্ক ‘ফরগেট’ করে পুনরায় যুক্ত হওয়া
তালিকায় নেটওয়ার্কের নাম দেখা যাচ্ছে কিন্তু কানেক্ট করা যাচ্ছে না, এমন সমস্যা হলে ওয়াই-ফাই প্রোফাইলটি মুছে নতুন করে যুক্ত হওয়া যেতে পারে। এ জন্য উইন্ডোজের Settings থেকে Network & Internet এবং এরপর Wi-Fi-তে গিয়ে Manage known networks অপশন নির্বাচন করতে হবে। সেখান থেকে সংশ্লিষ্ট নেটওয়ার্কটি সিলেক্ট করে ফরগেট বাটনে চাপ দিতে হবে। এরপর নতুন করে পাসওয়ার্ড টাইপ করে পুনরায় সংযোগ নিতে হবে।
৩. রাউটার রিস্টার্ট দেয়া
সমস্যাটি ল্যাপটপের নাকি মূল সংযোগের, তা যাচাই করতে আগে স্মার্টফোন বা অন্য ডিভাইসে ওই ওয়াই-ফাই ব্যবহার করে দেখতে হবে। অন্য ডিভাইসেও সংযোগ না থাকলে বুঝতে হবে রাউটার বা মডেমে সমস্যা রয়েছে। মাইক্রোসফটের পরামর্শ অনুযায়ী, রাউটার ও মডেমের পাওয়ার ক্যাবল খুলে অন্তত ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপর পুনরায় পাওয়ার অন করে ল্যাপটপ কানেক্ট করার চেষ্টা করা যেতে পারে।
৪. ডিভাইস ম্যানেজারে নেটওয়ার্ক অ্যাডাপ্টার পরীক্ষা
ল্যাপটপের সেটিংসে ওয়াই-ফাই অন করার অপশনটিই যদি দেখা না যায়, তবে বুঝতে হবে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি বন্ধ হয়ে আছে। এটি ঠিক করতে সার্চ বারে ডিভাইস ম্যানেজার লিখে প্রবেশ করে নেটওয়ার্ক অ্যাডাপ্টার্স অপশনটিতে ক্লিক করতে হবে। তালিকায় থাকা ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি বন্ধ (Disabled) থাকলে রাইট-ক্লিক করে Enable device নির্বাচন করতে হবে।
আরও খবর: রাতে ফোন চার্জে রেখে ঘুমানোর অভ্যাস, যা জানা জরুরি
৫. নেটওয়ার্ক রিসেট
ওপরের কোনো পদক্ষেপেই ফল না মিললে শেষ উপায় হিসেবে উইন্ডোজের নেটওয়ার্ক রিসেট ফিচার ব্যবহার করা যেতে পারে। উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা: Settings > Network & internet > Advanced network settings > Network reset নির্বাচন করবেন।
উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা: Settings > Network & Internet > Status > Network reset অপশনে গিয়ে রিসেট সম্পন্ন করবেন। তবে নেটওয়ার্ক রিসেট দিলে ডিভাইসের সংরক্ষিত সব ওয়াই-ফাই পাসওয়ার্ড ও নেটওয়ার্ক সেটিংস মুছে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। তাই অন্যান্য সব পদ্ধতি কাজ না করলেই কেবল এই সিদ্ধান্ত নেওয়া উচিত।
এসব ধাপ বাস্তবায়নের পরও ওয়াই-ফাই সচল না হলে ল্যাপটপের নেটওয়ার্ক ড্রাইভার হালনাগাদ (আপডেট) করা প্রয়োজন হতে পারে। তা ছাড়া ল্যাপটপের ভেতরের হার্ডওয়্যার বা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) কোনো সমস্যা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখতে হবে।