১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন জায়গা

মোবাইল ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে স্বাভাবিক ব্যবহারে সমস্যা হয়  © সংগৃহীত

আপনার হাতে থাকা মোবাইল ফোনের স্টোরেজ পূর্ণ হয়ে গেলে নতুন ছবি বা ভিডিও সংরক্ষণ করা, অ্যাপ ইনস্টল করা কিংবা ফোনের স্বাভাবিক ব্যবহারে সমস্যা হয়। ছবি-ভিডিওর পাশাপাশি হোয়াটসঅ্যাপে আসা বিভিন্ন ফাইল এবং দীর্ঘদিন ব্যবহার না করা অ্যাপও ফোনের অনেকটা জায়গা দখল করে রাখে। তাই অপ্রয়োজনীয় এসব ফাইল ও অ্যাপ সরিয়ে সহজেই কিছুটা স্টোরেজ খালি করা যায়।

১. হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় ফাইল মুছবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত চ্যাটে আসা ছবি, ভিডিও, ডকুমেন্টসহ নানা ধরনের ফাইল ফোনের স্টোরেজে জমতে থাকে। এর মধ্যে বড় ও অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেললে দ্রুত কিছুটা জায়গা খালি করা সম্ভব। এ জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে ওপরের ডান পাশে থাকা থ্রি-ডট আইকনে চাপ দিন। এরপর সেটিংস থেকে Storage and data-এ গিয়ে Manage storage নির্বাচন করুন।

এখানে হোয়াটসঅ্যাপ কতটা স্টোরেজ ব্যবহার করছে এবং কোন ফাইলগুলো বেশি জায়গা দখল করে আছে, তা দেখা যাবে। প্রয়োজন নেই এমন ছবি, ভিডিও বা বড় ফাইল নির্বাচন করে ডিলিট করলে সেগুলো সরিয়ে জায়গা খালি করা যাবে। গুরুত্বপূর্ণ কোনো ছবি, ভিডিও বা ডকুমেন্ট থাকলে মুছে ফেলার আগে ভালোভাবে দেখে নিন। প্রয়োজনীয় ফাইল ভুল করে মুছে গেলে পরে তা খুঁজে পাওয়া কঠিন হতে পারে।

২. ব্যবহার না করা অ্যাপ সরিয়ে ফেলুন
ফোনে এমন অনেক অ্যাপ থাকতে পারে, যেগুলো দীর্ঘদিন ব্যবহার করা হয় না। এসব অ্যাপও স্টোরেজের জায়গা দখল করে রাখে। তাই প্রয়োজন নেই এমন অ্যাপ আনইনস্টল করেও জায়গা খালি করা যায়।

অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত গুগল প্লে স্টোর খুলে ওপরের ডান পাশে থাকা প্রোফাইল আইকনে চাপ দিন। এরপর Manage apps & device থেকে Manage অপশনে গেলে ফোনে ইনস্টল থাকা অ্যাপগুলোর তালিকা দেখা যাবে। সেখান থেকে প্রয়োজন নেই এমন অ্যাপ নির্বাচন করে Uninstall করলে সেটি ফোন থেকে সরিয়ে দেওয়া যাবে।

ভিন্ন খবর: নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না শিক্ষার্থীরা

এ ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখা জরুরি। Play Store-এর Not installed তালিকায় থাকা অ্যাপগুলো ফোনে বর্তমানে ইনস্টল নেই। তাই সেগুলো সরালে ফোনের বর্তমান স্টোরেজে কোনো জায়গা খালি হবে না। স্টোরেজ খালি করতে হলে ফোনে ইনস্টল থাকা অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করতে হবে।

স্টোরেজ পূর্ণ হওয়ার আগেই পরিষ্কার করুন
ফোনের স্টোরেজ একেবারে পূর্ণ হওয়ার অপেক্ষা না করে নিয়মিত অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, বড় ফাইল ও ব্যবহার না করা অ্যাপ সরিয়ে ফেলা ভালো। বিশেষ করে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে নিয়মিত আসা বড় ভিডিও ও ছবি দ্রুত স্টোরেজ ভরে দিতে পারে।

তাই মাঝে মাঝে ম্যানেজ স্টোরেজ অপশনে গিয়ে হোয়াটসঅ্যাপে জমে থাকা বড় ও অপ্রয়োজনীয় ফাইল এবং ফোনে থাকা অব্যবহৃত অ্যাপগুলো দেখে পরিষ্কার করলে স্টোরেজে প্রয়োজনীয় জায়গা ধরে রাখা সহজ হবে।