২৯ নভেম্বর ২০২৬, ১২:১৩

পঞ্চম দিনেও প্রেসক্লাবে চলছে বদলি প্রত্যাশী শিক্ষকদের অনশন

শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি  © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দ্রুত বদলির আদেশ জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান আমরণ অনশন কর্মসূচি পঞ্চম দিনে গড়িয়েছে। টানা অনশনে ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। দুর্বল হয়ে পড়েছেন আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষকও।

গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রশাসনিক অগ্রগতি হয়নি বলে জানান আন্দোলনকারীরা। আজ রবিবার অফিস খোলার পর কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার আশায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন তারা।

এর আগে, গত বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বদলির ফল প্রকাশের দাবিতে আমরণ অনশনরত নারী শিক্ষকরা রাতেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানের ঘোষণা দেন। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন অনশনরত শিক্ষক সেলিনা। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত বদলির ফল প্রকাশ না হবে, ততক্ষণ আমরা প্রেস ক্লাবেই অবস্থান করব।’

এদিকে, অনশনরত শিক্ষকদের সঙ্গে কথা বলতে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল প্রেস ক্লাবে আসতে পারে বলে জানা গেছে। আজ সন্ধ্যার আগেই তাদের সেখানে যাওয়ার কথা রয়েছে। বিকেল ৩টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, বদলির ফল প্রকাশের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে কিছু জটিলতার কারণে এখনো ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সেই পথ খোঁজা হচ্ছে। সিনিয়র সচিব আবদুল খালেকের নির্দেশে একটি প্রতিনিধি দলের প্রেস ক্লাবে যাওয়ার কথা রয়েছে।

এর আগে, আমরণ অনশনরত নারী শিক্ষকদের মধ্য থেকে চারজনকে আলোচনার জন্য ডেকেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে সেই আলোচনা।

আজ দুপুরে শিক্ষকদের চার সদস্যের প্রতিনিধি দলকে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে তাদের সঙ্গে কথা বলেন সংস্থাটির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সেলিনা। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরিচালক স্যার আমাদের বলেছেন, তারা বদলির বিষয়ে আন্তরিক। তবে কিছু জটিলতার কারণে বদলির ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এ জন্য আরও কিছুদিন ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।’

মাউশি পরিচালকের আহ্বানের জবাবে শিক্ষকরা জানান, বদলি না হওয়ায় তাদের সংসার ভাঙার উপক্রম হয়েছে। সন্তানদের ছেড়ে চাকরি করতে হচ্ছে। যেহেতু বদলির জন্য আবেদন নেওয়া হয়েছে, সেহেতু তারা দ্রুত ফল প্রকাশের অনুরোধ জানিয়েছেন।

শিক্ষকরা আরও জানান, কর্তৃপক্ষের আহ্বানে তাদের ধৈর্য ধরতে হলে জাতীয় প্রেস ক্লাবে অনশনে বসেই সেই ধৈর্য ধরবেন।

উল্লেখ্য, আজ সকাল ১০টায় বদলির আদেশ জারির দাবিতে অনশনে বসেন এমপিওভুক্ত নারী শিক্ষকরা। বদলির ফল প্রকাশ না হওয়া পর্যন্ত প্রেস ক্লাবের সামনে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।