২৫ নভেম্বর ২০২৬, ১৩:২১

কেউ সন্তানকে তালা দিয়ে স্কুলে যান, ভাঙার পথে কারও সংসার—বদলির জন্য প্রেস ক্লাবে কাঁদলেন নারী শিক্ষকরা

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা   © টিডিসি সম্পাদিত

‌কেউ সন্তানকে ঘরে তালাবদ্ধ রেখে কর্মস্থলে যান, স্বামী অসুস্থ হলেও পাশে থাকার সুযোগ মেলে না কারও, এমনকি স্বজনের মৃত্যুতেও শেষবারের মতো মুখ দেখার সুযোগ মেলে না কারও কারও’— এভাবেই দূর কর্মস্থলে চাকরি করতে গিয়ে সংসার ও সন্তান হারানোর শঙ্কায় দিন কাটছে বেসরকারি এমপিওভুক্ত নারী শিক্ষকদের। 

বদলির আবেদন করে মাসের পর মাস অপেক্ষা করেও আদেশ না পাওয়ায় এবার পরিবারের কাছে ফেরার আকুতি জানিয়েছেন তারা। এ কারণে আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দের ব্যানারে আমরণ অনশনে বসেন তারা।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়। সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলোয় ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। 

আমরা যারা বাংলাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক আছি, শিক্ষামন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ, তার হাত ধরে আমাদের বদলির আবেদন হয়েছে। কিন্তু আজকে তিনটা মাস হতে চলেছে। আমাদের বদলির আদেশ হচ্ছে না। আমরা শিক্ষামন্ত্রীর কাছে অনেকবার গিয়েছি। এমনও হয়েছে যে, আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আপনাদের বদলি হবে, হবে। কিন্তু তিন মাস হতে চলেছে। এখনো পর্যন্ত আমাদের বদলির আদেশ জারি হচ্ছে না। কেন জারি হচ্ছে না, এটাও আমরা জানি না।— ভুক্তভোগী শিক্ষিকা

সেলিনা আক্তার নামে এক নারী শিক্ষক বলেন, ‘আমি ময়মনসিংহের মানুষ। এনটিআরসির মাধ্যমে চাকরি পেয়েছি সিলেটের একটি প্রতিষ্ঠানে। আমি যখন সিলেটে গিয়ে জয়েন করি, তখন আমার বাচ্চার বয়স তখন চার বছর ছিল। আজ সে ক্লাস ফোরে পড়ে। এই বাচ্চাটাকে আমি ঘরের মধ্যে তালা দিয়ে রেখে প্রতিষ্ঠানে চাকরি করি। মাঝেমধ্যে নিয়ে যাই সাথে করে, মাঝেমধ্যে ঘরে তালা দিয়ে রেখে যাই। আমার বাচ্চাটার শৈশব, আমার বাচ্চাটার জীবন একটা উন্মুক্ত কারাগারের মধ্যে বন্দি। আমি আমার বাচ্চাটার একটা সুস্থ জীবন চাই। আমার বাচ্চাটার সুস্থ জীবনের জন্য আমার পরিবারের কাছে থাকাটা আমার জরুরি। আমার সংসার ভেঙে যাচ্ছে শুধুমাত্র এই বদলিটার কারণে। আমার সংসারে ভুল বোঝাবুঝি থেকে শুরু করে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি।’

সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়ে সেলিনা বলেন, আমরা যারা বাংলাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক আছি, শিক্ষামন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ, তার হাত ধরে আমাদের বদলির আবেদন হয়েছে। কিন্তু আজকে তিনটা মাস হতে চলেছে। আমাদের বদলির আদেশ হচ্ছে না। আমরা শিক্ষামন্ত্রীর কাছে অনেকবার গিয়েছি। এমনও হয়েছে যে, আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আপনাদের বদলি হবে, হবে। কিন্তু তিন মাস হতে চলেছে। এখনো পর্যন্ত আমাদের বদলির আদেশ জারি হচ্ছে না। কেন জারি হচ্ছে না, এটাও আমরা জানি না।

কান্নাজড়িত কণ্ঠের সেলিনার আকুতি, আমরা আমাদের পরিবারের কাছে ফিরতে চাই। আমি আমার সন্তানের কাছে ফিরতে চাই। 

আরেক নারী শিক্ষক বলেন, আমাদের এই বদলিটা কোনো আর্থিক কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা নেই। আমরা চাই শুধু আমাদের বদলির আদেশ। আমরা আমাদের পরিবারের কাছে ফিরতে চাই। আমি আমার সন্তানের কাছে ফিরতে চাই।

তার ভাষ্য, আমরা বহুদিন ধরে, বহু আন্দোলন করেছি। ১৭ বছর ধরে আমাদের সিনিয়র টিচারদের থেকে শুরু করে সবাই বদলির আবেদন করেছি। বদলির জন্য আমাদের চারটি নীতিমালা প্রণয়ন হয়েছে। আমাদের এই শিক্ষাবান্ধব শিক্ষামন্ত্রী এসে আমাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে সব শিক্ষকের সার্বজনীন নীতিমালা করেছে। কিন্তু এখনও বদলি হচ্ছে না।

তিনি বলেন, আমার মতো আজকে অনেক শিক্ষিকা শুধু এই রাস্তায় এসে বসেছে, শুধু রাস্তায় এসে বসেছে বদলির জন্য। আমরা কিছু চাই না সরকারের কাছে। শুধু চাই, আমরা এই শিক্ষা, আমাদের সরকার শিক্ষাবান্ধব সরকার, আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষাবান্ধব শিক্ষামন্ত্রী। আমি শিক্ষামন্ত্রীর কাছে জোর অনুরোধ করছি, দয়া করে আমাদের বদলির আদেশ জারি করে দিন। আমরা এক মিনিটও ওখানে আর দেরি করব না। আমরা আমাদের ক্লাসরুমে ফেরত যাব। আমরা আমাদের সংসারের কাছে যেতে চাই, আমার পরিবারের কাছে ফেরত যেতে চাই, আমি আমার সন্তানের কাছে ফেরত যেতে চাই।

আরেক শিক্ষিকা বলেন, আমার স্বামী অসুস্থ এবং আমার দুই সন্তান। আমার স্বামীর কাছে যেতে পারছি না, আবার আমার সন্তানদের পাশেও থাকতে পারছি না। আমি একজন জাতিঘরার কারিগর। আমি যেখানে অন্যের সন্তানদের মানুষ করে দিচ্ছি, সেখানে আমার সন্তানরা কীভাবে মানুষ হচ্ছে? অসুস্থ হলে তারা মাকে কাছে পায় না। শুধু তাই নয়, তাদের দেখার মতোও কেউ নাই।

তিনি আরও বলেন, আমি আমার পরিবারের কাছে ফিরতে চাই, আমার সন্তানদের কাছে ফিরতে চাই। আর এই যে আমি একজন নারী শিক্ষক, আমার বাড়ি থেকে নিজ জেলা থেকে আমার কর্মস্থলে যেতে আমার ১৬ ঘণ্টা লাগে। এবং এই যাত্রাপথে এমন কোনো যানবাহন নাই যে, যেটা আমাকে ব্যবহার করতে হয় না। আমার কোনো আত্মীয়স্বজন মারা গেলে আমি তাদের শেষ দেখাটুকু দেখতে পারি না। আমি দুই মাসেও একবার আমার সন্তানদের মুখ দেখতে পারি না। প্রধানমন্ত্রীর কাছে এতটুকু আমার আবেদন, আমাদের ঘরে ফিরতে দিন, আমাদের মুক্তি দিন। আমরা আমাদের পরিবারের কাছে ফিরতে চাই।

আমাদের চাওয়া শুধু আমাদের নীতিমালা অনুযায়ী যে আবেদনটা নিয়েছেন, সেই রেজাল্টটা প্রকাশ করুন। আর কিছু না। আমরা শুধু পরিবারের কাছে ফিরতে চাই। আমাদের পরিবারের কাছে ফিরতে চাই।

অনশণরত অন্যান্য শিক্ষকরা জানান, নিজ জেলায় বদলিসহ বাড়ির কাছাকাছি বদলি করতে হবে। দ্রুত বদলি আদেশ জারি করতে হবে। ভিন্ন জেলায় চাকরি করার কারণে পারিবারিক কলহ তৈরি হচ্ছে। বদলি আদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন চলবে বলে জানানো হয়েছে।

বদলি প্রত্যাশী এক নারী শিক্ষক বলেন, ‘আমাদের চাকরি নীতিমালা হয়েছে। সরকার আমাদের বদলি চালু করেছে এবং আবেদন করেছি। এখন আমরা বদলির আদেশ চাই।  আমরা আমাদের পরিবার কাছে ফিরতে চাই এবং সন্তানের কাছে ফিরতে চাই। আমার মতো অনেক শিক্ষিকা শুধু বদলির আদেশের জন্য রাস্তায় এসে বসেছেন।’