২৩ নভেম্বর ২০২৬, ১৯:১২

৮ মাস আন্দোলন শেষে যোগদান, এবার বেতনহীন প্রাথমিকের নতুন শিক্ষকরা

পাঠদানরত প্রাথমিকের এক শিক্ষক  © সংগৃহীত

রাজপথেই কেটেছে অনেকটা সময়। আট মাসের দীর্ঘ অপেক্ষা, নিয়োগের দাবিতে আন্দোলন, নিয়োগপত্রের জন্য অনশন—এতসব ভোগান্তির পরও যেন স্বস্তি নেই প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের। গত ১ অক্টোবর চাকরিতে যোগদানের পর প্রায় দুই মাস পার হলেও অধিকাংশের বেতন চালু হয়নি। ফলে কর্মস্থলে নিয়মিত দায়িত্ব পালন করেও যাতায়াত, বাসাভাড়া ও খাবারের খরচ মেটাতে পরিবারের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। কারও দিন কাটছে ধারদেনায়। কিন্তু এখনও নিশ্চিত নন কবে পাবেন কাঙ্ক্ষিত বেতন।

ধারদেনায় চলছে সংসার
ভোলা, পাবনা, শরীয়তপুর, ঝিনাইদহ ও নেত্রকোনাসহ বিভিন্ন জেলার নতুন শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেতন না পাওয়ায় তাঁদের অনেককে পরিবারের ওপর নির্ভর করতে হচ্ছে। কারও বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব ২০ কিলোমিটারের বেশি। প্রতিদিন যাতায়াতেই খরচ হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। আবার কর্মস্থলের কাছে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে কাউকে কাউকে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার এক নবনিযুক্ত সহকারী শিক্ষক জানান, আগে তাঁর কোনো কর্মসংস্থান ছিল না। নতুন চাকরিতে যোগ দিয়ে কর্মস্থলে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। বাসাভাড়া, খাবারসহ অন্যান্য খরচ মিলিয়ে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। তার হিসাবে, শুধু খাবারের পেছনেই আনুমানিক ছয় হাজার টাকা খরচ হচ্ছে। বাসাভাড়া রয়েছে আলাদা।

সেই সহকারী শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখন পরিবার ছাড়া অন্য কোথাও থেকে টাকা জোগাড় করার সুযোগ নেই। অনেক খরচ হচ্ছে। বেতন কবে চালু হবে, সেটিও নিশ্চিতভাবে জানতে পারছি না। বেতন সংক্রান্ত আমাদের কাজগুলো সম্পন্ন করেছি। কিন্তু আইবাস প্লাস প্লাস ও এজি অফিসের কাজের অগ্রগতি কী অবস্থায় রয়েছে, সেটিও জানানো হচ্ছে না।

ভোলার চরফ্যাশন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক নবনিযুক্ত সহকারী শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। প্রতিদিন যাতায়াতে খরচ হচ্ছে প্রায় ২২০ টাকা। যাতায়াতে সময়ও লাগছে দেড় থেকে দুই ঘণ্টা।

তিনি বলেন, প্রায় দুই মাস হয়ে গেল, এখনো বেতন চালু হয়নি। পরিবার থেকেও খুব বেশি সহযোগিতা পাওয়ার সুযোগ নেই। চাকরিতে যোগ দেওয়ার পর থেকে ধারদেনা করে চলতে হচ্ছে।

শরীয়তপুরের এক নবনিযুক্ত নারী শিক্ষক বলেন, আমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ১২ থেকে ১৫ কিলোমিটার। প্রতিদিন যাওয়া-আসায় প্রায় তিন ঘণ্টা সময় চলে যায়। এখনো বেতন না পাওয়ায় নিজের খরচের জন্য বাবার ও ভাইয়ের কাছ থেকে টাকা নিতে হচ্ছে। 

অবিবাহিত এই শিক্ষিকা বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকেই আপাতত খরচ নিতে হচ্ছে। কিন্তু চাকরি হওয়ার পরও এই বয়সে নিজের পরিবারেও প্রতিদিন টাকা চাইতে কষ্ট হয়। আশা করি দ্রুত এই কষ্ট থেকে মুক্তি পাবো।

নেত্রকোনার এক উপজেলার নামপ্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, বিদ্যালয়ে যাতায়াতের জন্য বেশ কষ্ট করতে হচ্ছে। যাতায়াত ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতিদিন প্রায় ২৫০ টাকা ব্যয় হচ্ছে। বেতন চালু না হওয়ায় আপাতত বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে চলতে হচ্ছে।

তিনি বলেন, বেশ আর্থিক অসুবিধা হচ্ছে। প্রতিদিনের খরচ চালানোও বেশ কঠিন হয়ে যাচ্ছে। দ্রুত বেতন চালু না হলে এ অসুবিধা আরও বাড়বে।

পাবনার চাটমোহর উপজেলার এক সহকারী শিক্ষকের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। প্রতিদিন যাতায়াতে তাঁর খরচ হচ্ছে ১২০ টাকা। বেতন না পাওয়ায় বাড়তি আর্থিক চাপের মধ্যে রয়েছেন তিনিও।

যে জটিলতায় আটকে বেতন
নবনিযুক্ত শিক্ষকদের অভিযোগ, সরকারি হিসাব ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস প্লাস প্লাসে পে-ফিক্সেশনসংক্রান্ত জটিলতার কারণে বেতন বিল প্রস্তুত করা যাচ্ছে না। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের (ডিডিও) আইডি থেকে নতুন শিক্ষকদের পে-ফিক্সেশন অনুমোদনের জন্য পাঠানো হলেও উপজেলা হিসাবরক্ষণ অফিস ও অডিটরের আইডিতে তা দেখা যাচ্ছে না।

এ ছাড়া যেসব উপজেলায় শিক্ষকরা বেতন পেয়েছেন, সেখানে পে-ফিক্সেশনের সময় নির্দিষ্ট বিদ্যালয়ের নামের পরিবর্তে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ বা উপজেলা শিক্ষা অফিসের নাম ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, অধিকাংশ উপজেলায় নির্দিষ্ট বিদ্যালয়ের নাম ব্যবহার করায় সফটওয়্যার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

শিক্ষকরা আরও জানান, পে-ফিক্সেশন সংশোধনের চেষ্টা করেও সমস্যার সমাধান হচ্ছে না। ডিডিও আইডি থেকে পে-ফিক্সেশন ফেরত আনার পরও সংশোধনের অপশনে তা পাওয়া যাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে সফটওয়্যারে ত্রুটির বার্তা দেখাচ্ছে। ফলে বেতন বিল তৈরি ও অনুমোদনের প্রক্রিয়া আটকে রয়েছে।

তবে সব উপজেলায় একই পরিস্থিতি নেই। মাগুরা সদর উপজেলা এবং গাইবান্ধা ও ঝিনাইদহ জেলার কয়েকটি উপজেলার শিক্ষকরা ইতিমধ্যে বেতন পেয়েছেন বলে জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষকরা।

আন্দোলন-অনশন করেও মেলেনি স্বস্তি
নতুন শিক্ষকদের ভোগান্তি শুরু হয়েছিল নিয়োগপ্রক্রিয়া থেকেই। ২০২৫ সালের ৯ জানুয়ারি অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে ৮ ফেব্রুয়ারি ১৪ হাজার ৩৮৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। এরপর চূড়ান্ত নিয়োগ ও যোগদানের জন্য তাদের দীর্ঘ আট মাস অপেক্ষা করতে হয়। নিয়োগপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার প্রতিবাদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বিভিন্ন সময়ে আন্দোলন ও কর্মসূচি পালন করেন। 

দীর্ঘ অপেক্ষার পর নিয়োগপত্র বিতরণ শুরু হলেও নতুন করে অনিশ্চয়তায় পড়েন সুপারিশপ্রাপ্তদের একটি অংশ। গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাই ও বিরূপ মন্তব্যসহ বিভিন্ন জটিলতায় অনেকের নিয়োগপত্র আটকে যায়। এ নিয়ে রাজধানীর শাহবাগসহ বিভিন্ন স্থানে আন্দোলন করেন বঞ্চিত প্রার্থীরা। একপর্যায়ে নিয়োগপত্র না পাওয়া ৮৩ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরণ অনশন শুরু করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা অনশন স্থগিত করেন। পুনরায় যাচাই-বাছাই করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।

সবশেষে এসব বাধা পেরিয়ে গত ১ অক্টোবর ১২ হাজার ৮৩০ জন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। কিন্তু কর্মজীবন শুরু করার পরও তাদের ভোগান্তি শেষ হয়নি। এবার বেতন আটকে যাওয়ায় নতুন করে আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন তারা।

ডিসেম্বরের শুরুতেই বেতনের দাবি
বেতন-ভাতা চালু করতে তিন দফা দাবি জানিয়েছেন ২০২৫ ব্যাচের নবযোগদানকৃত সহকারী শিক্ষকরা। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে তারা আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে পে-ফিক্সেশনসংক্রান্ত তথ্য প্রদর্শনের ব্যবস্থা করা, কারিগরি ও প্রশাসনিক জটিলতা জরুরি ভিত্তিতে নিরসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত বেতন বিল প্রস্তুত ও অনুমোদনের কার্যক্রম শেষ করার দাবি জানান। এ অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় এবং আইবাস প্লাস প্লাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। তাঁদের দাবি, ডিসেম্বর মাসের শুরুতেই যেন নবযোগদানকৃত ১২ হাজার ৮৩০ জন সহকারী শিক্ষকের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করা হয়। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ চেয়েছেন নতুন শিক্ষকরা।