২১ নভেম্বর ২০২৬, ১২:১৩

অনেক শিক্ষক সন্তানকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াতে চান না

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি  © ফাইল ছবি

অনেক শিক্ষক নিজের সন্তানকে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াতে চান না বলে অভিযোগ করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, একজন মাদ্রাসাশিক্ষক যখন গর্ব করে পোস্ট দেন—‘আমার সন্তান এসএসসি বা এইচএসসিতে এ+ (জিপিএ ৫) পেয়েছে’, তখন মনে প্রশ্ন জাগে, আমরা আসলে কতটুকু মাদ্রাসার প্রতি দরদী? মাদ্রাসার উন্নয়ন শুধু মুখের কথায় হবে না; নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর মধ্য দিয়েও আস্থা ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

মাদ্রাসার অনেক শিক্ষক নিজের সন্তানকে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াতে চান না জানিয়ে এ শিক্ষক নেতা বলেন, আপনি যদি নিজের সন্তানকে নিজের প্রতিষ্ঠানে পড়াতে আস্থা না পান, তাহলে অভিভাবকদের কাছে সেই প্রতিষ্ঠানের প্রতি আস্থা প্রত্যাশা করবেন কীভাবে? প্রতিষ্ঠানের শিক্ষার মানের প্রতি নিজের আস্থা না থাকলে অন্যের সন্তান কেন সেখানে পড়তে আসবে?

আরও পড়ুন: চবির হলে মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষকের কলার ধরে ধাক্কা দুই শিক্ষার্থীর

নিজের বড় দুই সন্তান তার কর্মস্থল কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসায় পড়াশোনা করছে জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, নিজের প্রতিষ্ঠানের প্রতি আস্থা, ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই মানসম্মত মাদ্রাসা শিক্ষা গড়ে উঠবে। আসুন, নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াই, মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে নিজেরাও দায়িত্বশীল ভূমিকা রাখি।’