০৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৯

প্রদর্শকদের ফল প্রকাশের বিষয়টি সংসদীয় কমিটিতে আলোচনা করব: সেলিম ভূঁইয়া

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া  © সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন ৬১০টি প্রদর্শক পেদের নিয়োগ কার্যক্রম ছয় বছরেরও বেশি সময় ধরে ঝুলে রয়েছে। লিখিত এবং মৌখিক পরীক্ষা শেষ হওয়ার দুই বছরের বেশি হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা করবেন বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

মঙ্গলবার (০৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, ‘প্রদর্শকরাও শিক্ষক, তারা আমাদেরই অংশ। ফলে কী কারণে তাদের ফলাফল দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, কারা এর পেছনে জড়িত সেই বিষয়গুলো আলোচনা করা হবে। স্ট্যান্ডিং কমিটির কাজই হলো- অনিয়মগুলো তুলে ধরা।’

জানা গেছে, ২০২০ সালের ২২ অক্টোবর মাউশি ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মোট ৪ হাজার ৩২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর ধারাবাহিকতায় ২০২১ ও ২০২২ সালে ধাপে ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ১১ থেকে ২০তম গ্রেডের পদের ফল প্রকাশ ও নিয়োগ সম্পন্ন হলেও ১০ম গ্রেডের প্রদর্শক, গবেষণা সহকারী, সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার ও ল্যাব সহকারীর ফল প্রকাশের কার্যক্রম আটকে যায়।

প্রদর্শক পদের ফলাফলপ্রত্যাশীরা জানান, ২০২৪ সালের এপ্রিল মাসে ১০ম গ্রেডের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং মে-জুন মাসে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ না হওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে গেছে। তারা একাধিকবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ফলাফল প্রকাশের দাবি জানালেও প্রতিবারই দেওয়া হয় আশ্বাস। অনেকের বয়স ৩২ পার হয়ে গেছে এখন আর কোনো সরকারি চাকরির জন্য আবেদন করার সুযোগ নেই। এ অবস্থায় দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।