০৩ নভেম্বর ২০২৬, ১৪:১০

৩ দাবি নিয়ে সংবাদ সম্মেলন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি  © ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন ডেকেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এতে দেশের সর্বস্তরের শিক্ষক-কর্মচারীদের যোগ দেওয়ার আহ্বান জানানা হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি পোস্টে লিখেছেন, আগামীকাল ৪ নভেম্বর (বুধবার) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ১০টায় এ আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের সর্বস্তরের শিক্ষক-কর্মচারীদের দলে দলে যোগ দেওয়ার আহবান জানাচ্ছি। আসুন, ঐক্যবদ্ধ হই—ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হই।’

আরও খবর: গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের দীর্ঘমেয়াদী কল্যাণের কথা মাথায় রেখে

এর আগে ৪ নভেম্বর ঢাকায় বড় পরিসরে অবস্থান ও উন্মুক্ত কর্মসূচি পালনের পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তবে তাদের দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। এদিন ঢাকায় বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী জমায়েত না করে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ও দাবির বিষয়ে বিস্তারিত জানাবেন তারা। 

সোমবার (২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে এ সিদ্ধান্তের কথা জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি।