২৯ অক্টোবর ২০২৬, ১৪:৩৭

শিক্ষকদের আন্দোলনে সমর্থন বদলি প্রত্যাশী ফোরামের

সর্বজনীন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম  © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফলাফল প্রকাশ, শতভাগ উৎসব ভাতা প্রদান এবং নবম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসাইন আজিজী এ কর্মসূচি ঘোষণা করেছেন।

এদিকে, ঘোষিত কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সর্বজনীন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণে ঘোষিত এ যৌক্তিক কর্মসূচি সফল করতে সর্বজনীন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের সব শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের এ আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন রয়েছে।