২১ অক্টোবর ২০২৬, ১৩:১৫

আজ ২১ অক্টোবর, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্মরণীয় দিন

শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান  © ফাইল ফটো

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনের ইতিহাসে ২১ অক্টোবর একটি স্মরণীয় দিন। ২০২৫ সালের এই দিনে মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন হাতে পাওয়ার মধ্য দিয়ে দীর্ঘ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হয়। 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ২১ অক্টোবরকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেছেন।

তিনি জানান, ২০২৫ সালের ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হওয়া লাগাতার আন্দোলন ২১ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাপ্ত হয়। আন্দোলন চলাকালে মাঠ থেকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে বৈঠকে অংশ নেওয়া এবং প্রজ্ঞাপন হাতে নিয়ে ফিরে এসে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেওয়ার ঘটনাকে বাংলাদেশের শিক্ষক আন্দোলনের ইতিহাসে বিরল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বক্তব্য অনুযায়ী, স্বাধীনতার পর প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নির্ধারিত এক হাজার টাকা বাড়িভাড়া ভাতার পরিবর্তে মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন হাতে পান ২০২৫ সালের ২১ অক্টোবর।

এই অর্জনের পেছনে আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষক ও কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের অবদানের কথা তুলে ধরেন তিনি।

একই সঙ্গে আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশকারী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্যও তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, শহীদ মিনারকেন্দ্রিক এই আন্দোলন বাংলাদেশের শিক্ষক আন্দোলনের ইতিহাসে একটি মডেল হয়ে থাকবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে এটি অনুপ্রেরণার বাতিঘর হিসেবে কাজ করবে।