সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: আজিজী
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, এক ঘোষণায়, বিনা শর্তে বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) টাঙ্গাইলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান অধ্যক্ষ আজিজী।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের এই নেতা জানান, ‘কোনো শর্তের বেড়াজালে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ থেকে বঞ্চিত করা যাবে না। কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণের বাইরে রাখা যাবে না।’
তিনি বলেন, ‘দেশের সব সরকার মাদ্রাসার প্রতি বৈষম্য করে এসেছে। অথচ আমাদের রাষ্ট্র মুসলিম অধ্যুষিত। আওয়ামী লীগ সরকার প্রতিটি উপজেলায় একটি করে স্কুল-কলেজ জাতীয়করণ করেছে। অন্তর্বর্তী সরকারও তাই করেছে। বিএনপি সরকারও একই পথে হাঁটছে। এই সরকারের প্রতি আমাদের প্রত্যাশা ছিল অনেক। বেগম খালেদা জিয়া আলেমদের অনেক ভালোবেসেছেন। অথচ তারাও মাদ্রাসার প্রতি উদাসীন।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী আরও বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের পূর্বে প্রতিটি উপজেলায় একটি করে মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিতে হবে। এটি না হলে শিক্ষকরা রাজপথে তাদের দাবি আদায় করে দেবে।’