পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থগিত বঞ্চিত প্রার্থীদের
পুনরায় ভেরিফিকেশন বা যাচাইয়ের মাধ্যমে নিয়োগপত্র দেওয়ার আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে অনশন স্থগিতের ঘোষণা দেন তাঁরা।
নিয়োগবঞ্চিত প্রার্থী জাহিদ হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুর রহিম ও পরিচালক (প্রশাসন) কামরুল ইসলামের আশ্বাসের ভিত্তিতে ত আমরা আমরণ অনশন স্থগিত করেছি।’
তিনি বলেন, অতিরিক্ত মহাপরিচালকের নির্দেশক্রমে বুধবার সকাল ১০টায় সব প্রার্থী গিয়ে আবেদন জমা দেবো।
চলতি মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েও যদি নিয়োগপত্র না পাওয়া যায় তাহলে আগামী মাস থেকে আবারও লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এই প্রার্থী আরও বলেন, ‘চলতি মাসের মধ্যে নিয়োগের বিষয়ে কোনো সুরাহা না হলে আগামী মাস থেকে আবারও লাগাতার কর্মসূচি পালন করবো আমরা।’
এর আগে সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে পাঁচজন প্রার্থী অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুর রহিমের সঙ্গে দেখা করেন। প্রায় ২০ মিনিটের আলোচনায় তাঁদের প্রত্যেককে পৃথকভাবে আবেদন জমা দিতে বলা হয়। আবেদন পাওয়ার পর তাঁদের বিষয়গুলো যাচাই করে মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং এরপর মন্ত্রণালয় নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে তাঁদের জানানো হয়।
প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর অন্যদের সঙ্গে তাঁদের নিয়োগপত্র পাওয়া সম্ভব কি না, তা জানতে চেয়েছিলেন। তবে আবেদন জমা ও মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আগে নির্দিষ্ট কোনো তারিখ জানানো সম্ভব নয় বলে তাঁদের জানানো হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনজন প্রার্থী অধিদপ্তরের প্রশাসন শাখার কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা ২৬ জন প্রার্থীর প্রবেশপত্রের কপি ও একটি স্মারকলিপি জমা দেন। পরে সব প্রার্থীর পৃথক আবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে আবেদন জমা দেওয়ার পর যাচাইয়ের প্রক্রিয়া কীভাবে এগোবে এবং নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে, তা এখনো নিশ্চিত নয়।
চূড়ান্ত সুপারিশ পেয়েও ৮৩ জন প্রার্থী নিয়োগপত্র পাননি। নিয়োগপত্র না দেওয়ার কারণও তাঁদের স্পষ্ট করে জানানো হয়নি। চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে গত রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরণ অনশন শুরু করেন ২০২৫ ব্যাচের প্রার্থীরা। আজ মঙ্গলবার রাতে অনশন কর্মসূচি স্থগিত করেন তারা।