দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
আগামী ১৫ অক্টোবরের মধ্যে ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ দেওয়ার বিষয়ে সুখবর না পেলে ১৭ অক্টোবর শনিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকরা। এমপিওভুক্ত সংযুক্ত ইবতেদায়ি শিক্ষক দাবি আদায় ঐক্য পরিষদ এ কর্মসূচি ঘোষণা করেছে।
রবিবার (১১ অক্টোবর) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৯ অক্টোবর রাজধানীর শাহবাগে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। ওই কর্মসূচি থেকে এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছিলেন সংগঠনের নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় এবার নতুন কর্মসূচি ঘোষণা করা হলো।
শিক্ষকদের দাবি, গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত মাদ্রাসা এমপিও নীতিমালা অনুযায়ী, আগে নিয়োগ পাওয়া ইবতেদায়ি মৌলভি, ইবতেদায়ি শিক্ষক ও ইবতেদায়ি ক্বারীরা প্রয়োজনীয় যোগ্যতা অর্জন সাপেক্ষে ১৩তম গ্রেড পাওয়ার সুযোগ পাবেন। তবে প্রশাসনিক জটিলতা ও আবেদনের সুযোগ না থাকায় তারা এ গ্রেডের জন্য আবেদন করতে পারছেন না। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক শিক্ষক ন্যায্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি তাদের।
সংগঠনটির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, যোগ্যতা অনুযায়ী ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ দিতে দ্রুত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমআইএমআইএস সফটওয়্যারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো ইবতেদায়ি শিক্ষার্থীদেরও মিড ডে মিল, উপবৃত্তি ও পোশাকসহ সমান সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা।
শিক্ষকদের অভিযোগ, এসব দাবি জানিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে একাধিকবার স্মারকলিপি দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় ১৫ অক্টোবরের মধ্যে দাবি পূরণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে ১৭ অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছেন তারা।
গত ৯ অক্টোবর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংযুক্ত ইবতেদায়ি শিক্ষক দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষকরা অংশ নেন। ওই কর্মসূচিতে বক্তারা ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ চালু এবং ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।