১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪

শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন

সেজের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন  © টিডিসি ফটো

শিক্ষার্থীদের শিক্ষা অধিকার নিশ্চিত করা এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানে তরুণদের সম্পৃক্ত করতে শিক্ষা অধিকার সংসদের (সেজ) ‘এডুএনভয়’ নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ঢাকার বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত এডুএনভয়রা নিজেদের কর্মপরিকল্পনা ও ১০০ দিনের রোডম্যাপ উপস্থাপন করেন।

শিক্ষা অধিকার সংসদ বা সোসাইটি ফর এডুকেশনাল জাস্টিসের (সেজ) উদ্যোগে এই নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবেদন ও সাক্ষাৎকারের মাধ্যমে এডুএনভয় হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা অধিকার সংসদের নির্বাহী চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনওয়াজ খান চন্দন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. খাইরুল ইসলাম, ব্র্যাক শিক্ষা কর্মসূচির (উন্নয়ন) প্রধান মো. মোয়াজ্জেম হোসেন, মালালা ফান্ডের সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এমএইচ তানসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শরিফুল ইসলাম, ইউনেস্কোর শিক্ষা প্রোগ্রামের মো. রমজান আলী, আশা শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক এবং লাইটক্যাসল পার্টনার্সের প্রোগ্রাম অ্যাসোসিয়েট জাকিয়া সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা খাতের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাঁওতালি ভাষায় পাঠ্যপুস্তক রচনার বিষয়ে ১০০ দিনের রোডম্যাপ উপস্থাপন করেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির শিক্ষার্থীরা শিক্ষায় গেম প্রযুক্তির সমন্বয়ের পরিকল্পনা তুলে ধরেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা উপস্থাপন করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

এ ছাড়া মাদ্রাসার শিক্ষার্থীরা ডিজিটাল সাক্ষরতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার অধিকার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে নিজেদের পরিকল্পনা উপস্থাপন করেন।

এডুএনভয় হিসেবে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে শিক্ষা অধিকার সংসদের নির্বাহী সদস্য মাহফুজুর রহমান মানিক, বোরহানউদ্দিন নোমান, মিনহাজুল আরেফিন, মেহেদি হাসান ও আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।