১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৬

দ্রুত বদলির ফল প্রকাশের দাবিতে মাউশি ডিজিকে স্মারকলিপি

শ্রেণিকক্ষে শিক্ষক ও মাউশি লোগো  © ফাইল ছবি

দ্রুত সময়ের মধ্যে সফটওয়্যারভিত্তিক বদলির ফলাফল প্রকাশের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) বরাবর স্মারকলিপি দিয়েছে সর্বজনীন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম ও বাংলাদেশ ইউনিটি অব টিচার্স।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে বদলির প্রত্যাশায় থাকা শিক্ষকরা দ্রুত ফলাফল প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে বদলি কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় সফটওয়্যারভিত্তিক বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষকরা ইতোমধ্যে নির্ধারিত সফটওয়্যারে বদলির আবেদন সম্পন্ন করেছেন। এখন তারা ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন।

শিক্ষকদের ভাষ্য, বদলির ফলাফল প্রকাশে বিলম্ব হলে নতুন কর্মস্থলে যোগদান, বাসা স্থানান্তর, সন্তানদের নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অনিশ্চয়তা তৈরি হবে। ফলে দ্রুত ফলাফল প্রকাশ করা হলে শিক্ষকরা পরবর্তী প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, গত ২৭ আগস্ট বদলির আবেদনের শেষ তারিখ নির্ধারিত থাকলেও কিছু শিক্ষকের আবেদনে ভুল থাকায় সময়সূচিতে পরিবর্তন আসে। পরবর্তী নির্ধারিত সময়ে শিক্ষকরা তাদের আবেদন সম্পন্ন করেন। এখন বদলি কার্যক্রম যাতে আর কোনোভাবে পিছিয়ে না যায়, সে বিষয়ে কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তারা।

এতে বলা হয়, অতি দ্রুত সময়ের মধ্যে সফটওয়্যারভিত্তিক বদলির ফলাফল প্রকাশ করলে দীর্ঘদিন ধরে দূর-দূরান্তে কর্মরত শিক্ষকরা নিজ নিজ সুবিধাজনক কর্মস্থলে যাওয়ার সুযোগ পাবেন এবং তাদের পারিবারিক ও পেশাগত অনিশ্চয়তাও অনেকাংশে কমবে।

বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষে সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম, উপদেষ্টা মো. শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. তোফায়েল সরকার, কায়েদে আজম জয়, শোয়েবসহ আরও কয়েকজন শিক্ষক এতে স্বাক্ষর করেছেন।  বাংলাদেশ ইউনিটি অফ টিচার্সের প্রচার ও যোগাযোগ উইং সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সার্বিক সহযোগিতা করেছেন।