নিজ জেলা-উপজেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ দাবি
এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালায় নিজ জেলা ও উপজেলায় কর্মরত শিক্ষকদেরও বদলির আবেদনের সুযোগ দেওয়ার দাবি উঠেছে। সম্প্রতি প্রকাশিত বদলি নীতিমালায় নিজ জেলা ও উপজেলায় কর্মরত শিক্ষকদের আবেদন করার সুযোগ না থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বদলি প্রত্যাশী শিক্ষকরা। দ্রুত নীতিমালা পুনর্বিবেচনা করে মানবিক ও যৌক্তিক কারণে তাদেরও বদলির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বুধবার (৯ সেপ্টেম্বর) এ দাবিতে শিক্ষামন্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদন জমা দেওয়া হয়েছে। শিক্ষকদের পক্ষে মাসুদ হোসেন নামে একজন এ আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়েছে, ‘সম্প্রতি প্রকাশিত বদলি নীতিমালায় নিজ জেলা ও উপজেলায় কর্মরত শিক্ষকগণ আবেদন করতে পারবেন না; এই শর্তটির কারণে আমরা এক চরম অনিশ্চয়তা ও হতাশার মুখোমুখি হয়েছি। বাস্তব চিত্র হলো, নিজ জেলা বা উপজেলায় কর্মরত হলেও অনেক শিক্ষককে প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করতে গড়ে ১২০-১৩০ কিলোমিটার বা তারচেয়েও বেশী পথ অতিক্রম করতে হয়।
দীর্ঘ পথ অতিক্রমের শারীরিক ক্লান্তি, বয়োবৃদ্ধ পিতা-মাতার চিকিৎসাসেবা প্রদান এবং পরিবারকে প্রয়োজনীয় সময় দিতে না পারায় স্বাভাবিক কর্মস্পৃহা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পক্ষান্তরে অনেকেই পার্শ্ববর্তী জেলা হওয়ায় ৭-৮ কিলোমিটার দূরে থেকেও বদলিতে আবেদন করতে পেরেছেন।
শিক্ষকদের মতে, ‘বদলির প্রধান উদ্দেশ্য যদি হয় শিক্ষকের মানসিক প্রশান্তি, পারিবারিক স্থায়িত্ব এবং কর্মস্পৃহা বৃদ্ধি, তবে নিজ জেলা বা উপজেলায় কর্মরত শিক্ষকদের এই প্রক্রিয়ার বাইরে রাখলে বৈষম্যহীন শিক্ষার সার্বিক উদ্দেশ্য ব্যাহত হবে ।’
তাদের দাবি, ‘এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালায় নিজ জেলা ও উপজেলায় কর্মরত শিক্ষকদের আবেদনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অনতিবিলম্ব পুনর্বিবেচনা করে মানবিক ও যৌক্তিক কারণে সুবিধাজনক স্থানে বদলির সুযোগ প্রদানের দাবি জানাচ্ছি।’