২৯ আগস্ট ২০২৬, ১৯:৫৪

শিক্ষাপ্রতিষ্ঠানের নৈশ প্রহরীদের ২৪ ঘণ্টা ডিউটি বন্ধের দাবি

স্কুলের সামনে নৈশ প্রহরী  © এআই জেনারেটেড

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নৈশ প্রহরীদের ২৪ ঘণ্টা ডিউটি বন্ধের দাবি জানিয়েছে সর্বজনীন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম। সরকারি নিয়ম অনুযায়ী নৈশ প্রহরীদের কর্মঘণ্টা নির্ধারণের দাবিও জানিয়েছে সংগঠনটি। 

শনিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকদের বদলি চালু করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নৈশ প্রহরীরা অমানবিক জীবনযাপন করছেন। শিক্ষকদের ছুটির ব্যবস্থা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নৈশ প্রহরীদের ছুটির কোন ব্যবস্থা নেই । তাদেরকে ছুটির ব্যবস্থা করতে হবে। বহু শিক্ষা প্রতিষ্ঠানে নৈশ প্রহরীদেরকে রাত-দিন ২৪ ঘন্টা ডিউটি করানো হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে নৈশ প্রহরীদের ডিউটি সংশ্লিষ্ট একটি নীতিমালা করতে হবে। নৈশ প্রহরীদেরকে ২৪ ঘন্টা ডিউটি না করিয়ে রাষ্ট্রীয় আইনের কর্ম ঘন্টা অনুযায়ী ডিউটি করাতে হবে।’

তারা জানান, ‘কর্মচারীদের নিয়োগও এখনো কমিটির হাতে রয়েছে। কমিটির হাতে নিয়োগ মানেই বাণিজ্য। এই নিয়োগ বাণিজ্য রুখে দিতে কর্মচারীদের নিয়োগ অবশ্যই কেন্দ্রীয়ভাবে নেওয়ার ব্যবস্থা করতে হবে। বহু কর্মচারী পরিবার পরিজন ছেড়ে অনেক দূরে চাকরি করেন। তাদেরকেও শিক্ষকদের মত নিজেদের এলাকায় বদলির সুযোগ দিতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাইনুদ্দিন, মো. জহিরুল ইসলাম, মো. মিজানুর রহমান, মোঃ শামীম আহমেদ, মো: রবিউল ইসলাম, মোঃ তোফায়েল সরকার, শিশির কুমার নন্দী, সোলেমান হোসেন, দীপক কুমার রায়, আব্দুর রহমান বাহার, রবিউল ইসলাম, সোহেলী দাস, সাবরিনা সিদ্দিকা, আবুল কালাম, দিদার হোসেনসহ আরও অনেকে।