ঢাকায় আজ অবস্থান কর্মসূচি পালন করবেন নন-এমপিও শিক্ষকরা
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আজ রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল রবিবার (২৩ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে কর্মসূচির অনুমতি দেয় পুলিশ।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন করতে হবে। কর্মসূচি পালনের ক্ষেত্রে মোট ২১টি শর্ত দেওয়া হয়েছে।
শর্ত অনুযায়ী, অনুমোদিত স্থানের বাইরে কর্মসূচি পালন করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে—এমন কোনো বক্তব্য বা প্রচার করা যাবে না। দেওয়া যাবে না উসকানিমূলক বক্তব্যও। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কোনো কর্মকাণ্ডও করা যাবে না।
আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডেমিক কাউন্সিলে বিরোধিতায় অনেকে
কর্মসূচিতে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে পুলিশের নির্দেশনা মেনে চলার শর্ত দেওয়া হয়েছে।
মানববন্ধনের সময় সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। কর্মসূচির কারণে যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে।
অনুমতিপত্রে আরও বলা হয়েছে, অনুমোদিত স্থানের বাইরে কাউকে মানববন্ধন করতে দেওয়া যাবে না। কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।
নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, বছরের পর বছর নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাদের একমাত্র দাবি।
তিনি বলেন, এ দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।