ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শিক্ষকদের আল্টিমেটাম
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর কাছ থেকে ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া রেজুলেশন বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। একই সঙ্গে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন তারা।
সোমবার (১০ আগস্ট) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান।
পোস্টে তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর কাছ থেকে ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষামন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এখনো কোনো আদেশ জারি করা হয়নি।
এ পরিস্থিতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট দুটি দাবি জানিয়েছে।
জোটের প্রথম দাবি, আগামী ২৫ আগস্টের মধ্যে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে নেওয়া রেজুলেশন বাতিল করতে হবে।
দ্বিতীয় দাবি, একই সময়সীমার মধ্যে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৫ আগস্টের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ৬ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।