০৬ আগস্ট ২০২৬, ১৬:৩৩

রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ইবি ইউট্যাবের 

ইসলামী বিশ্বদ্যিালয় ও ইউট্যাব লোগো  © সংগৃহীত

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত দেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও বিভিন্ন গোষ্ঠীর সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউট্যাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ইবি ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান তারা।

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, অতি সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের রাষ্ট্র ও জনস্বার্থবিরোধী বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দলের আদর্শে উদ্বুদ্ধ এই শিক্ষকগণের এ ধরনের ষড়যন্ত্রমূলক অপতৎপরতা ও নিষিদ্ধ কার্যক্রমের জন্য ইউট্যাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘বিপ্লবী জুলাই-আগস্টের চেতনা সব মহল ধারণ করবে এবং প্রতিটি পর্যায়ে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার একটি অগ্রগতিশীল ধারা অব্যাহত রাখবে এটি আমাদের প্রত্যাশা। শিক্ষার পরিবেশ ব্যাহতকারী সকল সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধেও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ন্যায়বিচার দাবি করছি।’

এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটি দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রতিবেদন পেশ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ইবি ইউট্যাবের নেতারা।

উল্লেখ্য, সম্প্রতি গণমাধ্যমে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিবেশ তৈরির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করা হয় যার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষক রয়েছেন বলে দাবি করা হয়েছে।