এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের লংমার্চ টু সচিবালয় ঘোষণা
এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সমানে অনশনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা এবার কাফনের কাপড় পরে ভুখা মিছিলসহ লংমার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছেন। রবিবার (১৪ জুন) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে এ কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
বুধবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ২১তম দিন এবং কাফনের কাপড় পরে আমরণ অনশনের চতুর্থ দিন চলছে। অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রায় এক হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত থাকলেও তারা ন্যায্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন এবং শিক্ষার্থীরাও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
এতে আরও বলা হয়, ১৯৮৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেয়। পরবর্তীতে সরকার এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক ও উপবৃত্তি চালু করলেও এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ বা এমপিওভুক্ত করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। দ্রুত এমপিও কার্যক্রম বাস্তবায়ন এবং ২০২৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অনুমোদিত শিক্ষক-শিক্ষিকাদের বকেয়া অনুদান ছাড়ের দাবি জানাচ্ছি।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।