প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ১৮ বছরের শর্ত বাতিলে এবার প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে এবার প্রধানমন্ত্রীর তারেক রহমান বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
সোমবার শিক্ষকদের পক্ষে মো. আসিফ আলী, মো. আবু নাছের সুমন, মো. তোফায়েল আহমদ এবং মো. মশিউর রহমান এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধান পদে নিয়োগ প্রত্যাশী ৮৬ হাজারের অধিক শিক্ষক এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে "জনবল কাঠামো ও এমপিও নীতিমালা" (সরকারি বিধি) মোতাবেক আমরা প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধান পদে নিয়োগের জন্য আবেদন করেছে। কিন্তু পরবর্তীতে সরকার "জনবল কাঠামো ও এমপিও নীতিমালা" সংশোধন করে উল্লেখিত পদে নিয়োগের জন্য শিক্ষকতার অভিজ্ঞতা হিসেবে ১৮ বছর পূর্ণ হওয়ার শর্ত জুড়ে দেয়, যার দরুন উল্লেখিত পদে আবেদনকারী শিক্ষকগণের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি অনিশ্চয়তায় পড়ে যায়। অথচ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করার সময় এমন শর্ত ছিলনা এবং পূর্বের কোন এমপিও নীতিমালাতেও এমন কোন শর্ত নেই ।
শিক্ষকরা জানান, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ১৯৮২, ১৯৯৫, ২০১০, ২০১৮, ২০২১ এবং ২০২৫ এ প্রতিষ্ঠান প্রধান পদে আবেদনের জন্য এমপিওভুক্তির ১৫ বছর এবং সহকারী প্রধান পদে এমপিওভুক্তির ১০ বছরের শর্ত উল্লেখ আছে। যেহেতু আমরা সরকারি বিধি মেনেই আবেদন করেছি সুতরাং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধান পদে নিয়োগ পরীক্ষায় আমাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ।
স্মারকলিপিতে প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধান পদে নিয়োগ প্রত্যাশী আবেদনকারী শিক্ষকগনকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের প্রয়োজনীয় ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানানো হয়।