০৭ অক্টোবর ২০২৬, ২১:০০

২৩০ কোটি ডলারে বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তার কোম্পানি কিনছে উবার

বাংলাদেশি উদ্যোক্তা নিহাদ রহমানের নেতৃত্বাধীন মার্কিন ক্যাটারিং প্ল্যাটফর্ম ‘ইজিক্যাটার’ কিনছে উবার  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিহাদ রহমানের নেতৃত্বাধীন মার্কিন ক্যাটারিং প্ল্যাটফর্ম ‘ইজিক্যাটার’ কিনছে বিশ্বজুড়ে জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। প্রতিষ্ঠানটি কিনতে নগদ ২৩০ কোটি ডলার খরচ করবে রাইড শেয়ারিং ও ডেলিভারি জায়ান্টটি। ডেলিভারি ব্যবসা আরও শক্তিশালী করতেই এ অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে উবার। খবর ডেইলি ওয়াদার 

মঙ্গলবার (৬ অক্টোবর) এ চুক্তির ঘোষণা দেয় উবার। ইজিক্যাটার মূলত করপোরেট অনুষ্ঠান, সভা ও কর্মীদের খাবারের জন্য বিভিন্ন ক্যাটারারের কাছ থেকে খাবার অর্ডারের সুযোগ দেয়। গত ১২ মাসে প্ল্যাটফর্মটির মোট বুকিংয়ের পরিমাণ ২৫০ কোটি ডলারের বেশি হয়েছে বলে জানিয়েছে উবার।

ইজিক্যাটারের সিইও নিহাদ রহমান ২০২২ সালে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দেন। এর আগে তিনি জেপিমরগ্যানচেজে ব্যবস্থাপনা পরিচালক এবং জেনারেল ইলেকট্রিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি অন্তর্বর্তীকালীন সিইও হন। একই বছরের মে মাসে তাকে স্থায়ী সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উবারের সিইও দারা খোসরোশাহি বলেন, ‘ক্যাটারিং একটি বড় ব্যবসা এবং রেস্তোরাঁগুলোর জন্য এটি বড় আয়ের উৎস হতে পারে। নিহাদ ও তার অসাধারণ দল একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করেছে। উবারের বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগিয়ে আমরা এই সেবা আরও কোটি মানুষের কাছে পৌঁছে দিতে এবং রেস্তোরাঁগুলোকে আরও বেশি মূল্যবান অর্ডার পেতে সহায়তা করতে পারব।’

নিহাদ রহমান বলেন, ‘উবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। আমাদের দল কর্মক্ষেত্রের ক্যাটারিংয়ের শীর্ষ প্ল্যাটফর্ম এবং রেস্তোরাঁ অংশীদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধির মাধ্যম তৈরি করতে পেরে গর্বিত।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ক্যাটারিং ও ব্যবসাভিত্তিক সেবার অভিজ্ঞতা উবারের বৈশ্বিক গ্রাহক, ব্যবসায়ী ও ডেলিভারি কর্মীদের নেটওয়ার্কে কাজে লাগাতে আগ্রহী।’

চুক্তি সম্পন্ন হলে ইজিক্যাটারের ক্যাটারিং ও বিজনেস-টু-বিজনেস (বিটুবি) কার্যক্রম উবার ইটস ও উবার ফর বিজনেসের সঙ্গে একীভূত করা হবে। এর ফলে ইজিক্যাটারের ক্যাটারিং ব্যবসার সঙ্গে উবার ইটসের রেস্টুরেন্ট নেটওয়ার্ক এবং উবার ফর বিজনেসের করপোরেট গ্রাহকভিত্তি যুক্ত হবে।

উবার জানিয়েছে, ইজিক্যাটারের গড় অর্ডারের মূল্য ৪০০ ডলারের বেশি। ফলে অধিগ্রহণটি উবারের মুনাফার হার বাড়াতেও সহায়তা করতে পারে। প্রতিষ্ঠানটির ব্যবসাভিত্তিক অংশের মোট বুকিং চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৪০ শতাংশের বেশি বেড়েছে।

রোজেনব্লাটের বিশ্লেষক স্কট ডেভিট বলেন, কোম্পানিগুলোর উচ্চমূল্যের বড় অর্ডারের নতুন এই ব্যবসা উবারের করপোরেটভিত্তিক কার্যক্রমকে আরও বিস্তৃত করবে। কর্মক্ষেত্রভিত্তিক ক্রেতাদের উবারের প্ল্যাটফর্মে যুক্ত করার ফলে এর সদস্যভিত্তিক ব্যবসাও আরও শক্তিশালী হবে বলে মনে করেন তিনি।

ফুড সাপ্লাই চেইনের উবার ইটসের বৈশ্বিক উপস্থিতি বড় হলেও যুক্তরাষ্ট্রের বাজারে ডোরড্যাশের আধিপত্য রয়েছে। বিশ্লেষকদের মতে, ইজিক্যাটার অধিগ্রহণের মাধ্যমে উবার যুক্তরাষ্ট্রের খাবার সরবরাহের বাজারে ডোরড্যাশের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পাবে।

ডেলিভারি ব্যবসা বর্তমানে উবারের সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয়ের প্রায় ৩৭ শতাংশ এসেছে এ খাত থেকে। এর কয়েক মাস আগে জুলাইয়ে জার্মান প্রতিষ্ঠান ডেলিভারি হিরোকে ১ হাজার ৪৮০ কোটি ডলারে কেনার চুক্তি করে উবার। চুক্তিটি চীনের বাইরে বিশ্বের সবচেয়ে বড় খাদ্য সরবরাহকারী গোষ্ঠী তৈরির লক্ষ্য নিয়ে করা হয়েছে।

এদিকে রোবোট্যাক্সি ব্যবসার প্রসারের ফলে ভবিষ্যতে রাইড শেয়ারিং বাজারে প্রতিযোগিতা কতটা বাড়বে, তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে চলতি বছরে উবারের শেয়ারের দাম প্রায় ১৫ শতাংশ কমেছে। অবশ্য ইজিক্যাটার অধিগ্রহণের চুক্তিটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষ। আগামী কয়েক মাসের মধ্যে চুক্তিটি সম্পন্ন হওয়ার কথা।