প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীর সন্তান শুভ আহম্মেদ। সদ্য প্রকাশিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় মেধাতালিকায় ৮০তম স্থান অর্জন করে উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।
নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শুভর বাড়ি খালিয়াজুরীর প্রত্যন্ত জগন্নাথপুর গ্রামে। নিজ স্কুল থেকে এসএসসিতে প্রথম জিপিএ-৫ পাওয়া এই মেধাবী তরুণ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। এরপর মেধা তালিকায় ৯ম স্থান অধিকার করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।
নিজের এই সাফল্য নিয়ে শুভ আহম্মেদ বলেন, ‘আইন বিভাগে ভর্তির পর থেকেই জজ বা অ্যাডমিন ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল। বাবার পরিশ্রম আর মায়ের স্বপ্ন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আমি চাইতাম নিজের আলাদা একটা ভ্যালু তৈরি করতে। প্রস্তুতির সময় নিজেকে কখনো ফাঁকি দিইনি, বরং পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট কৌশলী হওয়ার চেষ্টা করেছি।’
ভবিষ্যতে বিচারক হিসেবে নিজের ভূমিকার কথা উল্লেখ করে শুভ বলেন, ‘আদালত মানুষের সবচেয়ে বিশ্বস্ত জায়গা। মানুষ নিরুপায় হয়েই সেখানে যায়। আমি চেষ্টা করব আমার আইনি জ্ঞান ও বাধ্যবাধকতা মেনে মানবিকতার জায়গা থেকে মানুষকে ন্যায়বিচার দিতে।’
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ২০০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।