১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪

জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রায়হান

মো. রায়হান রবিন  © সংগৃহীত ছবি

জার্মানির সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ফ্রেই ইউনিভার্সিটি বার্লিনে (ফ্রেই ইউনিভার্সিটি বার্লিন) স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রায়হান রবিন। বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান ইউরোপীয় সমাজ বিষয়ে মাস্টার অব আর্টস (এমএ) প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। রায়হান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নোয়াখালী সরকারি কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্স করেন।

জার্মানির শীর্ষ চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত ফ্রেই ইউনিভার্সিটি বার্লিন। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়েও বিশ্ববিদ্যালয়টির অবস্থান উল্লেখযোগ্য। বিশ্ব র‌্যাংকিংয়ে ৯৮তম অবস্থানে থাকা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়াকে নিজের শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন রায়হান।

সমাজবিজ্ঞানের প্রতি দীর্ঘদিনের আগ্রহ থেকেই ইউরোপীয় সমাজ ও এর পরিবর্তনশীল কাঠামো নিয়ে উচ্চতর পড়াশোনার সিদ্ধান্ত নেন তিনি। তার নির্বাচিত সমাজবিজ্ঞান ইউরোপীয় সমাজ প্রোগ্রামে ইউরোপীয় সমাজ, সামাজিক পরিবর্তন, অভিবাসন, বৈষম্য, সংস্কৃতি, সামাজিক প্রতিষ্ঠান এবং সমসাময়িক ইউরোপীয় সমাজব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে।

নিজের এই অর্জন সম্পর্কে মো. রায়হান রবিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ফ্রেই ইউনিভার্সিটি বার্লিনের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি শুধু আমার ব্যক্তিগত স্বপ্নপূরণ নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যাওয়ার একটি ফল। নোয়াখালী সরকারি কলেজে সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে যে জ্ঞান ও ভিত্তি তৈরি হয়েছে, এই সুযোগের মাধ্যমে সেটিকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে চাই।’

তিনি বলেন, ‘সমাজবিজ্ঞান এমন একটি বিষয়, যার মাধ্যমে মানুষের জীবন, সমাজের পরিবর্তন এবং বিভিন্ন সামাজিক সমস্যাকে গভীরভাবে বোঝা যায়। ইউরোপীয় সমাজকে কাছ থেকে বোঝার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে পড়াশোনা ও গবেষণার অভিজ্ঞতা অর্জন করতে চাই। ভবিষ্যতে সেই জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর ইচ্ছা রয়েছে।’

জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার পেছনে নিজের পরিবারের সহযোগিতা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণা এবং নিজের ধারাবাহিক পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন রায়হান রবিন। তার মতে, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার থাকা এবং প্রতিকূলতার মধ্যেও চেষ্টা চালিয়ে যাওয়া।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘আমি ভবিষ্যতে সমাজবিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে আরও গভীরভাবে কাজ করতে চাই। বিশেষ করে সামাজিক পরিবর্তন, বৈষম্য, অভিবাসন এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে গবেষণার আগ্রহ রয়েছে। উচ্চশিক্ষায় অর্জিত জ্ঞানকে শুধু নিজের ক্যারিয়ারের জন্য নয়, বরং দেশের জন্যও অর্থবহভাবে কাজে লাগাতে চাই।’