০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়েছেন ফারিহা ঐশী 

নুদরাত ফারিহা ঐশী  © টিডিসি সম্পাদিত

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৃতী সন্তান নুদরাত ফারিহা ঐশী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট (ইউম্যাস অ্যামহার্স্ট) এ পূর্ণ অর্থায়নে পাঁচ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি করছেন।

নুদরাত ফারিহার এ অর্জনে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।

শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন নুদরাত। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

উচ্চশিক্ষার জন্য পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নুদরাত ফারিহা। সেখানে ইউনিভার্সিটি অব ব্রিজপোর্ট থেকে বিজনেস অ্যানালিটিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশনেও (জিআরই) ভালো স্কোর অর্জন করেন।

উচ্চশিক্ষার ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবার তিনি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ইউম্যাস অ্যামহার্স্ট এ পূর্ণ অর্থায়নে পাঁচ বছর মেয়াদি পিএইচডি করার সুযোগ পেয়েছেন। এই সুযোগ তার একাডেমিক ও গবেষণাভিত্তিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও দেখুন: সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?

নুদরাত ফারিহা ঐশী কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদের নাতনী। তার মা লাভলী বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদের মেয়ে। নুদরাতের বাবা জাফর একজন ব্যাংকার এবং মা লাভলী গৃহিণী।

পিএইচডি শেষে অর্জিত জ্ঞান, গবেষণার অভিজ্ঞতা ও দক্ষতা দেশ, মানুষ ও মানবতার কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন নুদরাত ফারিহা ঐশী। যুক্তরাষ্ট্রে সুস্থ থেকে সফলভাবে উচ্চশিক্ষা ও গবেষণা সম্পন্ন করতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সম্প্রতি দেশে অবস্থানকালে সময়ের স্বল্পতার কারণে আত্মীয়স্বজন, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের অনেকের সঙ্গে দেখা করতে না পারায় আন্তরিক দুঃখও প্রকাশ করেছেন তিনি।

নুদরাত ফারিহার এ অর্জনে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, সফলভাবে পিএইচডি সম্পন্ন করে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তিনি।