২৫ আগস্ট ২০২৬, ১৬:০২

রাশিয়ায় আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কানন ফয়সাল

কানন ফয়সাল  © সংগৃহীত

বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও মেন্টাল হেলথ অ্যান্ড সুইসাইড প্রিভেনশন অ্যাকটিভিস্ট কানন ফয়সাল রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬’-এ বাংলাদেশের নির্বাচিত যুব প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের সঙ্গে তিনি বাংলাদেশের তরুণদের সম্ভাবনা ও সামাজিক উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরবেন।

ইন্টান্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথে বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের অংশগ্রহণে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলন। শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, উদ্যোক্তা, সমাজসেবা ও যুব উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকবে এ আয়োজনে। কয়েক লাখ তরুণের মধ্য থেকে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে কানন ফয়সাল এ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা ‘টক হোপ’ কানন ফয়সালের অন্যতম প্রধান উদ্যোগ। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি, আত্মহত্যা প্রতিরোধ এবং প্রয়োজনের সময়ে তরুণদের মানসিক সহায়তার সঙ্গে যুক্ত করার কাজ করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা ও কর্মশালার মাধ্যমেও কার্যক্রম পরিচালনা করছে উদ্যোগটি।

পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি খাতেও কাজ করছেন কানন। তিনি উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অনলাইন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব দ্য পিপল এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ছেন। এর পাশাপাশি তিনি নিজস্ব ‘রিবোরনিক্স এক্স’ নামে একটি প্রযুক্তি ও সফটওয়্যার উন্নয়ন প্রতিষ্ঠান পরিচালনা করছেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে ওয়েবসাইট নকশা ও উন্নয়ন, সফটওয়্যার তৈরি এবং বিভিন্ন প্রযুক্তিভিত্তিক সেবা নিয়ে কাজ করছেন তিনি।

আন্তর্জাতিক এই আয়োজনে অংশগ্রহণ প্রসঙ্গে কানন ফয়সাল বলেন, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমি চাই, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তরুণদের সম্ভাবনা, আমাদের সামাজিক উদ্যোগ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরতে। একই সঙ্গে বিভিন্ন দেশের তরুণদের কাছ থেকে শিখে সেই অভিজ্ঞতা দেশের তরুণদের কাজে লাগাতে চাই।’

টক হোপ এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী কানন ফয়সাল বলেন, ‘টক হোপের মাধ্যমে আমরা তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি। আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বাংলাদেশের তরুণদের বাস্তবতা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরতে চাই। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের উদ্যোগ ও অভিজ্ঞতা থেকে শিখে দেশে আরও কার্যকরভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে।’