১৫ জুলাই ২০২৬, ১৬:৫১

একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা, বৃত্তিও পেল একসঙ্গেই

জমজ তিন বোন  © সংগৃহীত

একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা, আর এবার একসঙ্গেই অর্জন করল প্রাথমিক বৃত্তি। নাটোরের বড়াইগ্রামের তিন জমজ বোন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে পরিবার, বিদ্যালয় ও এলাকায় আনন্দের উপলক্ষ তৈরি করেছে।

তিন বোন হলো তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারপাড়া এলাকার বাসিন্দা। তাদের বাবা রেজাউল করিম সরকার জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মা শিল্পী খাতুন একজন গৃহিণী। বর্তমানে তিন বোনই জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

জানা যায়, তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফল প্রকাশের পর তিনজনই সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে পরিবারের পাশাপাশি বিদ্যালয়েরও সুনাম বয়ে আনে।

মেয়েদের এমন সাফল্যে বাবা রেজাউল করিম সরকার বলেন, ‘ওদের জন্ম একসঙ্গে, বেড়ে ওঠাও একসঙ্গে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তিনজনেরই প্রচণ্ড আগ্রহ ছিল। আমি ও তাদের মা সব সময় ওদের পাশে থেকেছি। ওরা নিজেরাও খুব পরিশ্রমী এবং একে অপরকে পড়াশোনায় সাহায্য করে। আল্লাহর রহমত, আমাদের অনুপ্রেরণা, ওদের পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাতেই এই সাফল্য এসেছে।’

জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন কেয়া বলেন, ‘তিন বোনই ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী, বিনয়ী ও অধ্যবসায়ী। তাদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমাদের বিশ্বাস।’