০৯ জুলাই ২০২৬, ০১:০৩

আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের শিশু-কিশোরদের ২৭টি গোল্ড মেডেল-সহ ৬৬ পদক অর্জন

আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের ৬৬ পদক অর্জন  © সংগৃহীত ও সম্পাদিত

মিরসরাই উপজেলার সন্তান, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশ (IOB)-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইগনাইট মিরসরাই-এর প্রতিষ্ঠাতা কামরুদ্দীন নিশানের নেতৃত্বে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় অনুষ্ঠিত International World Summit 2026-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে বাংলাদেশের ১৮ জন শিক্ষার্থী English World Cup ও Science Olympiad-এ মোট ৬৬টি আন্তর্জাতিক পদক ও বিশেষ পুরস্কার অর্জন করেছে।

TMP Little Scientist Research Academy আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার University of Cyberjaya, Selangor-এ। পরে Universiti Teknologi Malaysia (UTM)-এর অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের বিজয়ীদের হাতে পদক, ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ দলের অর্জনের মধ্যে রয়েছে ২৭টি গোল্ড মেডেল, ৪টি সিলভার মেডেল, ৩টি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড, ২টি ডায়মন্ড অ্যাওয়ার্ড, ৯টি আন্তর্জাতিক র‍্যাংকিং, ৪টি ডিন অ্যাওয়ার্ড, ৪টি Kazakhstan Special Award, ৪টি Best Presentation ও Best Experimental Scientist Award, ১টি Judges' Choice Award, ১টি Malaysia Special Award এবং ১টি Science President Award। অংশগ্রহণকারী ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জনই অন্তত একটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।

সম্মেলনে মোহাম্মদ আরহাম জোহান সর্বোচ্চ ১৩টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে বাংলাদেশের সেরা পারফর্মার হিসেবে স্বীকৃতি পান। এছাড়া অনিরুদ্ধ নিলাদ্রি বিশ্বাস ১১টি আন্তর্জাতিক পুরস্কার অর্জনের পাশাপাশি বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ সম্মাননা Science President Award লাভ করেন।

প্রতিযোগিতার পাশাপাশি বাংলাদেশ দলের সদস্যরা মালয়েশিয়ার National Museum, Petronas Twin Towers, Istana Negara (King's House) এবং University of Cyberjaya ক্যাম্পাস পরিদর্শন করেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে Cultural Exchange, Academic Networking এবং Global Learning Community-তে অংশ নেওয়ার সুযোগ পান। আয়োজকদের মতে, এসব অভিজ্ঞতা শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, নেতৃত্বের দক্ষতা ও আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক এই সফরে কামরুদ্দীন নিশান Science & Innovation Project Judge হিসেবেও দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সার্বিক সমন্বয় করেন।

কামরুদ্দীন নিশান বলেন, মিরসরাইয়ের একজন সন্তান হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে তুলে ধরতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। এই ৬৬টি আন্তর্জাতিক পুরস্কার শুধু কয়েকজন শিক্ষার্থীর অর্জন নয়, এটি বাংলাদেশের মেধা, সম্ভাবনা ও আন্তর্জাতিক সক্ষমতার স্বীকৃতি। ভবিষ্যতে দেশের আরও বেশি শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে— এটাই আমাদের প্রত্যাশা।

জানা যায়, কামরুদ্দীন নিশান মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ওসমান আলী ভূঁইয়া বাড়ির সন্তান। তিনি দীর্ঘদিন বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে আসছেন। তাঁর নেতৃত্বে International Olympiads Bangladesh (IOB) বর্তমানে গণিত, বিজ্ঞান, ইংরেজি, রোবোটিক্স, স্টেমসহ ৫০টিরও বেশি আন্তর্জাতিক অলিম্পিয়াড ও অ্যাকাডেমিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে।

এ ছাড়া তিনি মিরসরাইয়ের শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইগনাইট মিরসরাই’-এর প্রতিষ্ঠাতা। সংগঠনটির মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার সচেতনতা এবং যুগোপযোগী দক্ষতা অর্জনে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।