১৬ জুন ২০২৬, ১৬:৪৯

কম্পিউটার বেসড আইএলটিএস পরীক্ষায় ৬২,৭৯৪ শিক্ষার্থীর রেজাল্ট ভুল, ১৫ কোটি টাকা জরিমানা 

আইইএলটিএস (IELTS)-এ হাজার হাজার পরীক্ষার্থীর রেজাল্টে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি  © সংগৃহীত

আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা আইইএলটিএস (IELTS)-এ হাজার হাজার পরীক্ষার্থীর রেজাল্টে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে এর অন্যতম অংশীদার ও পরিচালনাকারী সংস্থা ‘কেমব্রিজ ইংলিশ’-কে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা) জরিমানা করেছে যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা ‘অফকোয়াল’। খবর বিবিসির

কম্পিউটার-নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় খাতা মূল্যায়ন বা অটোমেটেড মার্কিং পদ্ধতির যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্বজুড়ে হাজার হাজার পরীক্ষার্থীর ফল ভুল এসেছিল। মূলত অন-স্ক্রিন পরীক্ষার লিসেনিং (Listening) ও রিডিং (Reading) অংশের ‘গ্যাপ ম্যাচ’ বা শূন্যস্থান পূরণ প্রশ্নগুলোতে এই জটিলতা তৈরি হয়।

অফকোয়াল জানায়, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইইএলটিএস পরীক্ষার ডাটা আদান-প্রদান এবং বিরামচিহ্ন (যেমন- একসেন্ট, উমলাউট) মূল্যায়নের ক্ষেত্রে সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এই দুই বছরে বিশ্বজুড়ে প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে ৯৩,৮৬৫টি উত্তর ভুলভাবে মূল্যায়িত হয়। এর ফলে ৬২,৭৯৪ জন পরীক্ষার্থীর প্রাথমিক ফলে ভুল নম্বর আসে। পরবর্তীতে তা সংশোধন করা হয়।

সংশোধিত ফলাফলের মধ্যে ২০,৬০০ জনেরও বেশি পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর আগের চেয়ে বৃদ্ধি পায়। অন্যদিকে, ভুলক্রমে ১,১১৫ জনের স্কোর প্রকৃত নম্বরের চেয়ে বেশি চলে আসায় তা সংশোধন করে কিছুটা কমিয়ে আনা হয়। বেশিরভাগ পরীক্ষার্থীর ক্ষেত্রে চূড়ান্ত স্কোরে মাত্র ০.৫ ব্যান্ড ব্যথ্যয় ঘটেছিল।

আক্রান্ত পরীক্ষার্থীদের মধ্যে ১,১০৮ জন যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ‘সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট’ (SELT) দিয়েছিলেন। এর মধ্যে ৪টি ক্ষেত্রে ভুল ফলাফলের কারণে পরীক্ষার্থীদের ভিসার যোগ্যতা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে পরবর্তীতে তারা পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে প্রয়োজনীয় স্কোর তুলতে সক্ষম হন।

দীর্ঘদিন ধরে চলা এই ত্রুটিটি কেমব্রিজ ইংলিশের নিজস্ব মনিটরিং সিস্টেমেও ধরা পড়েনি। ২০২৫ সালের সেপ্টেম্বরে সিস্টেম আপডেট করার সময় বিষয়টি প্রথম ধরা পড়ে এবং তারা তাৎক্ষণিকভাবে অফকোয়ালকে বিষয়টি অবহিত করে।

অফকোয়ালের ডেলিভারি বিভাগের নির্বাহী পরিচালক আমান্ডা সোয়ান বলেন, ‘হাজার হাজার মানুষ এই পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। দীর্ঘ সময় ধরে চলা এই পদ্ধতিগত ব্যর্থতার কারণে পরীক্ষার্থী এবং ফল ব্যবহারকারী প্রতিষ্ঠান—উভয় পক্ষই বড় ধরনের ভোগান্তির শিকার হয়েছে। আমাদের এই বিশাল অংকের জরিমানা সেই গাফিলতিরই প্রতিফলন।’

এদিকে কেমব্রিজ ইংলিশ তাদের এই প্রাতিষ্ঠানিক ব্যর্থতা স্বীকার করে নিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে। ত্রুটি সংশোধন, পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া, সার্বক্ষণিক কাস্টমার সাপোর্ট হাব পরিচালনা এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সংস্থাটি ইতিমধ্যে ৬০ লাখ পাউন্ডেরও (প্রায় ৯০ কোটি টাকা) বেশি অর্থ ব্যয় করেছে। 

আইইএলটিএস কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনরায় বিনামূল্যে পরীক্ষা দেওয়া অথবা সম্পূর্ণ ফি রিফান্ড (ফেরত) করার সুযোগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে সমাদৃত আইইএলটিএস পরীক্ষাটি যৌথভাবে পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি আইইএলটিএস এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।