পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, পাসের হার ৯১.২৩ শতাংশ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রকাশিত হল ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারের পরীক্ষায় মোট পাস করেছেন ৫ লাখ ৭১ হাজার ৩৫৫ জন। পাসের হার ৯১.২৩ শতাংশ। আজ বৃহস্পতিবার (১৪ মে) এ ফলাফল প্রকাশ করা হয়।
এবার আর্টস, সায়েন্স, কমার্স মিলিয়ে পরীক্ষা দিয়েছিলেন ৭ লাখ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী। এবার জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে আছে পূর্ব মেদিনীপুর, শতাংশের হিসেবে ৯৪.১৯। এরপরই এই তালিকায় আছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং।
এবারে উচ্চমাধ্যমিকে মোট ৬৪ জন প্রথম দশের তালিকায় স্থান পেয়েছেন। তাদের মধ্যে প্রথম দশে ৮ জন ছাত্রী। ৪৯৬ নম্বর পেয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আদৃত পাল প্রথম হয়েছেন। ৪৯৫ পেয়ে দ্বিতীয় হয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু, নরেন্দ্রপুরের ঋতব্রত নাথ, ঐতিহ্য পাঁচল।
প্রতিবারের মতো এবারও অনলাইনে (ওয়েবসাইটের মাধ্যমে) ফলাফল দেখা যাবে।