২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩

কলকাতার এসআরএফটিআই ক্যাম্পাসে পুলিশি অভিযান, অবস্থান কর্মসূচির মঞ্চ উচ্ছেদ ও ধস্তাধস্তি

কলকাতার এসআরএফটিআই ক্যাম্পাসে পুলিশি অভিযান, অবস্থান কর্মসূচির মঞ্চ উচ্ছেদ ও ধস্তাধস্তি  © সংগৃহীত

ভারতের কলকাতায় অবস্থিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) ক্যাম্পাসে পুলিশি অভিযানে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মঞ্চ উচ্ছেদ করা হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) ভোরে সংঘটিত এ ঘটনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, এদিন ভোরে প্রায় তিন শতাধিক পুলিশ সদস্য ক্যাম্পাসে প্রবেশ করে তাদের ‘অবস্থান মঞ্চ’ ভেঙে দেন। এ সময় ক্যাম্পাসে প্রবেশকারীদের অনেকের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে দাবি করা হয়। তাদের উপস্থিতিতেই অবস্থান মঞ্চের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়।

শিক্ষার্থীদের ভাষ্য, ক্যাম্পাসের নিজস্ব সম্পত্তি হওয়া সত্ত্বেও সেসব মালামাল দুটি পিকআপ ভ্যানে তুলে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

মঞ্চ উচ্ছেদের প্রতিবাদ জানাতে গেলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বলপ্রয়োগ করে একাধিক শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং ছাত্রীদের সঙ্গেও অশোভন আচরণ ও টানাহেঁচড়া করা হয়েছে। ঘটনার ছবি ও ভিডিও ধারণের সময় কয়েকজনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, কোনো ধরনের উসকানি ছাড়াই এ অভিযান চালানো হয়েছে এবং ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

শিক্ষার্থীরা আরও জানান, সকাল সাড়ে ৭টা পর্যন্ত পুরো ক্যাম্পাসজুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এ সময় শিক্ষার্থীদের আবাসিক হল থেকে মূল ফটকের দিকে যেতে বাধা দেওয়া হয় এবং ক্যাম্পাসের বাইরে বের হওয়ার পথও আটকে দেওয়া হয়। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান নেওয়ায় শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে গিয়েও বাধার মুখে পড়েন।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের আন্দোলন ও প্রশাসনের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এর মধ্যেই শনিবার ভোরের এ পুলিশি অভিযানে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।