যে চাকরি সংস্কারের দাবি থেকে জুলাই আন্দোলন, সেটির সংস্কার আমরা দেখিনি: শিবির সভাপতি
জুলাই আন্দোলনের অন্যতম দাবি চাকরি সংস্কারের ক্ষেত্রে এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এখনো পর্যন্ত যে চাকরি সংস্কারের ব্যাপারে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই চাকরির কার্যকর সংস্কার আমরা দেখি নাই। পিএসসি যা সংস্কার হয়েছিল, সেই সংস্কারের পরে পিএসসিকে নিয়ে নানা ষড়যন্ত্র করা হয়েছে। মোনেম কমিশন যে সংস্কারগুলো করেছিল, সেখানে চেয়ারম্যানকে পদত্যাগ করানো হয়েছে। সদস্যদেরকে ডেকে ডেকে নিয়ে চায়ের আমন্ত্রণের পরে তাদেরকে এক এক করে পদত্যাগ করানো হচ্ছে।
আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, যে সংস্কারগুলো এখানে হয়েছে—ভাইভার নাম্বার ২০০ থেকে ১০০ করা হয়েছিল, সেটিতে আবার ২০০-তে নিয়ে যাওয়ার মতো পায়তারা করা হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন চাকরি পরীক্ষায় ৪০০ গুণ পর্যন্ত ভাইভার নাম্বার বৃদ্ধির জন্য প্রস্তাবনা করা হয়েছে। আমরা লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে মোনেম কমিশন যে সংস্কারগুলো করেছে, তা বদলে দিয়ে নতুনভাবে দলীয় নিয়োগের চক্রান্ত আঁটা হয়েছে। আমরা এর বিরুদ্ধে, সকল সরকারি চাকরির নিয়োগ স্বচ্ছতার বিধানের ব্যাপারে সংবাদ সম্মেলন করেছি এবং প্রতিটা ক্যাম্পাসে আবার আন্দোলন আমরা গড়ে তুলব। আমরা বিশ্বাস করি, এ দেশের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে, সে সমস্যাগুলোর সমাধানের জন্য এই প্রজন্ম সামনের দিকে এগিয়ে আসবে। পরিবর্তনের জন্য তারা অনুঘটক হিসেবে কাজ করবে।