২৭ নভেম্বর ২০২৬, ১৯:৪৩

কর্মজীবনেও সততার সাথে দায়িত্ব পালনে ছাত্র সংসদ নেতাদের প্রতি আহ্বান জামায়াত সেক্রেটারির

বক্তব্য রাখছেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার  © সংগৃহীত

দেশের ৫টি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের প্রতি পরবর্তী জীবনেও সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, পাঁচটি বড় বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়ে তোমরা যে সততা, স্বচ্ছতা, কর্মদক্ষতা, ক্রিয়েটিভিটি, ইনোভেশন—যা কিছু তোমরা দেশ এবং দুনিয়াকে দেখিয়েছ, আগামী নেতৃত্বে তোমরাই আসবে, এটাই আমাদের আমিরে জামায়াতের প্রত্যাশা। আমি এই পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে যারা নির্বাচিত হয়ে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিরা যে ১০০ ভাগ সততা, স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে মেয়াদ শেষ করে জাতির সামনে এরকম একটা প্রেজেন্টেশন দিতে পারে—এটাও আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা।

ইসলামী ছাত্রশিবির ও সমমনা প্যানেল থেকে ছাত্র সংসদে নির্বাচিতদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ছাত্রজীবনে তোমরা আদর্শের ছোঁয়া পেয়ে যা কিছু শিখলে, ছাত্রজীবন শেষ করার পরে যখন কর্মজীবনে, সমাজের রাজনীতিতে যাবে, সেই শিক্ষা যেন কখনো তোমরা ভুলে না যাও। সেই নৈতিকতা, সেই চরিত্র, সেই সততা, স্বচ্ছতার শিক্ষা নিয়ে এ জাতিকে তোমরা বদলে দেবে—সে অপেক্ষায় বাংলাদেশ অপেক্ষা করছে।

অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।