৫ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নেতাদের ওপর ৭টি হামলার বর্ণনা দিলেন শিবির সেক্রেটারি
গত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ ৫ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত নেতাদের ওপর অন্তত ৭ বার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেছেন, চমৎকারভাবে ছাত্র সংসদ কাজ করে গিয়েছে, কিন্তু ছাত্র সংসদের এ পথ চলা কখনোই মসৃণ ছিল না। আমরা দেখেছি আমাদের এই নির্বাচিত প্রতিনিধিদেরকে নানা জায়গায় নানাভাবে থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, কয়েকদিন আগে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের বাসা পুড়িয়ে তার বাবা-মাসহ তার বোনকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ডাকসুর স্বাস্থ্য সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের বাসায় আগুন দেওয়া হয়েছে। ইতিপূর্বেও দেখেছিলাম ডাকসুর সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া, তার বাসায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। গত ২৩ এপ্রিল ডাকসুর দুজন সদস্য— সাহিত্য সম্পাদক মোসাদ্দেক এবং সমাজসেবা সম্পাদক জোবায়েরকে শাহবাগ থানায় ছাত্রদল কর্তৃক হামলা করা হয়েছে। চাকসুর নির্বাচিত প্রতিনিধি, চাকসুর পাঠাগার সম্পাদক মাসুম বিল্লাহ—তাকেও হামলা করা হয়েছে দুই দুই বার, একবার ক্যাম্পাসে এবং আরেকবার ক্যাম্পাসের বাইরে।
হামলার বিবরণ দিয়ে সিবগাতুল্লাহ আরও বলেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার— ছাত্র সংসদের প্রতিনিধিরা কাজ করতে গিয়ে গত ৪ আগস্ট, জকসুর—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। সেখানে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম আহত হয়েছিলেন, জকসুর জিএস আব্দুল্লাহ আলিম আরিফকে মারাত্মকভাবে আহত করা হয়েছিল, তাকে রক্তাক্ত করা হয়েছিল। এছাড়াও সেখানে আরও আহত হয়েছিলেন জকসুর এজিএস মাসুদ রানা, সমাজসেবা সম্পাদক মুস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক জার্জিস আনোয়ার নাইম, সদস্য মেহেদী হাসান, সদস্য আব্দুল্লাহ ফারুক, স্বাস্থ্য সম্পাদক নূর মোহাম্মদসহ আরও অনেকে।
শিবির সেক্রেটারি বলেন, ছাত্র সংসদের উপরে হামলা চালিয়ে তারা ভেবেছিল আমাদের কার্যক্রমকে বন্ধ করে দিতে পারবে। কিন্তু ছাত্র সংসদের প্রতিনিধিরা বারবার বলেছে, ‘কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো, চোখ রাঙিয়ে যায় কি ভোলা জোয়ার টলমলো?’ তারা বারবার দেখিয়েছে, তারা কাজ করে গিয়েছে।
অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।